বোমা হামলায় যুবলীগ নেতা নিহত
গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় রেজাউল করিম শাহীন খান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, রেজাউল হরিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে ভেড়ারবাজারে নিজের বাড়ির সামনে সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হন রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাভলী বেগম। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দুইটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।রেজাউলের আহত স্ত্রী লাভলী জানান, কয়েক দিন ধরে ওই এলাকার হাসমত কাজীদের সঙ্গে ধানকাটা নিয়ে রেজাউলের বিরোধ চলছিল। ওই ঘটনার জের ধরেই তাঁর স্বামীর ওপর বোমা হামলা চালানো হয়েছে বলে তিনি ধারণা করছেন। এদিকে, আজ সকালে রেজাউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ভেড়ারবাজার এলাকায় কয়েকটি বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।