বোমাং রাজার মৃত্যু
বান্দরবানের বোমাং সার্কেলের ১৬তম বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী (কে এস প্রু) আজ বুধবার ভোররাতে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছিলেন বলে রাজপরিবারের সদস্যরা জানিয়েছেন।তাঁর ছেলে রাজপুত্র মংসিং প্রু চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল রাতে বাবার মৃদু শ্বাসকষ্ট হচ্ছিল। রাতে তাঁকে চিকিত্সক দেখতে আসেন। ভোররাত তিনটা ১৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।’রাজপরিবার সূত্রে জানা যায়, প্রয়াত বোমাং রাজা কে এস প্রু চৌধুরী ১৯৩৩ সালের ১৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। গত বছরের ৮ আগস্ট ১৫তম বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরীর মৃত্যু হলে ১৮ সেপ্টেম্বর ১৬তম রাজা হিসেবে তিনি প্রধানমন্ত্রীর স্বীকৃতি লাভ করেন। ২০ নভেম্বর ১৬তম বোমাং রাজা হিসেবে অভিষেক গ্রহণ করেন কে এস প্রু চৌধুরী। অভিষেক গ্রহণের মাত্র আড়াই মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করলেন। বোমাং রাজপরিবারের ইতিহাসে তিনিই সবচেয়ে স্বল্পতম মেয়াদের রাজা বলে রাজদরবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।রাজার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় বান্দরবানে শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো রাজাকে দেখতে ভোররাত থেকে বোমাং রাজবাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।বোমাং রাজা কে এস প্রু চৌধুরী স্ত্রী, পাঁচ কন্যা ও দুই ছেলে রেখে গেছেন।