বোমায় রক্তাক্ত বোস্টন, নিহত ৩
যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ম্যারাথনে গতকাল সোমবার জোড়া বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বয়েলস্টন স্ট্রিটে অনুষ্ঠিত এই ম্যারাথনের ‘ফিনিশিং লাইন’-এর কাছে পর পর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বোমা হামলার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বোমা হামলার পর সড়কটিতে ইটপাথর ছড়িয়ে আছে। অনেক দৌড়বিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রাস্তায়।বোমা হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। হামলার উদ্দেশ্য জানা না গেলেও দোষীদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।বোমা হামলার পর এক বিবৃতিতে ওবামা বলেন, ‘আমাদের কাছে এখনো সব প্রশ্নের উত্তর নেই। আমরা এখনো জানি না, এ হামলা কারা করেছে, কেন করেছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে পুরোপুরি বিচারের আওতায় আনা হবে।’