জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধানের আস্তানায় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমা হামলায় আট পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির কথিত সামরিক শাখার কমান্ডার শিবলীও রয়েছেন বলে জানা গেছে।গতকাল রাত ১০টায় রাজধানীর দক্ষিণ দনিয়ার শাহজালালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে এই অভিযানকালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ১৫টি বোমা নিক্ষেপ ও গুলি করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় নান্নু হাজির বাড়ি থেকে নারী-পুরুষ মিলিয়ে অন্তত তিনজন জঙ্গি পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে অন্তত একজনকে পুলিশ আটক করেছে। তবে পুলিশ সূত্র এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি।রাতে ওই বাড়িতে গিয়ে জঙ্গিদের বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র ও পুস্তিকা দেখা যায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জেএমবির শীর্ষনেতার সন্ধানে পুলিশের বিশেষ শাখার (এসবি) জঙ্গি দমনসংক্রান্ত বিশেষ দল এই অভিযান চালায়। গত রাত ১০টায় অতিরিক্ত পুুলিশ সুপার জান্নাতুল হাসানের নেতৃত্বে এসবির ২০ সদস্যের বিশেষ দলটি চারতলা ওই বাড়ি ঘেরাও করে। তারপর বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তিনতলায় অভিযান চালায়। তারা প্রথমে মালিককে দিয়ে দরজার কড়া নেড়ে বাড়ির দরজা খুলতে বললে একজন নারী দরজা খুলে দেন। কিন্তু পুলিশ দেখেই জঙ্গিরা পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এতে দরজায় ও সিঁড়িতে থাকা আট পুলিশ সদস্য আহত হন। এরপর জঙ্গিরা একের পর এক বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় নিজেদের ছোড়া বোমায় এক জঙ্গির এক হাতও ছিন্নভিন্ন হয়ে যায়। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জেএমবির কথিত সামরিক শাখার কমান্ডার শিবলী বলে ধারণা করা হচ্ছে।আহত পুলিশ সদস্যদের মধ্যে উপপরিদর্শক (এসআই) শাহ আলম, এএসআই সিরাজউদ্দৌলা (কদমতলী থানা), কনস্টেবল মোরশেদ আলী মোল্লা, শামসুজ্জোহা ও সোহরাব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসানসহ অপর চারজনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ডান হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত স্থানীয় এক ব্যক্তিকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে রাতেই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারি আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।রাত দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছিল। সেখান থেকে চারটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।