বোমায় আবার কাঁপল মুম্বাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় আবারও কেঁপে উঠল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। গতকাল বুধবার সন্ধ্যায় পর পর তিনটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত ও ১১৩ জন আহত হয় বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা ‘সমন্বিত সন্ত্রাসী’ হামলা। সন্ত্রাসীদের লক্ষ্য ছিল বেশিসংখ্যক মানুষকে হতাহত করা।মুম্বাই পুলিশের সন্দেহ, এই হামলার পেছনে দেশটির সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) হাত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রও জানায়, লস্কর-ই-তাইয়েবার অন্যতম সহযোগী আইএম এই হামলার পেছনে থাকতে পারে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন বলেছেন, ‘২১ জন নিহত এবং ১১৩ জন আহত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’রাজধানী নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সাংবাদিকদের বলেন, যে অল্প সময়ের ব্যবধানে পর পর বিস্ফোরণগুলো হয়েছে, তাই আমাদের মনে হচ্ছে, এটা সন্ত্রাসীদের সমন্বিত হামলা।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব বিস্ফোরণে হাতে তৈরি বোমা ব্যবহার করা হয়েছে। সন্ধ্যার ব্যস্ততম সময়ে এ হামলা হয়েছে। হামলার পরপরই রাজধানী নয়াদিল্লি, কলকাতা, চেন্নাইসহ গুরুত্বপূর্ণ শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করে লোকজনকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ১০ মিনিটের মধ্যে বিস্ফোরণ তিনটি ঘটে। এর দুটি হয় দক্ষিণ মুম্বাইয়ের অপেরা হাউস ও জাভেরি বাজার এলাকায়, অন্যটি মধ্য মুম্বাইয়ের দাদার ওয়েস্ট এলাকায়। দাদার এলাকায় অবস্থিত রাজনৈতিক দল শিবসেনা ভবন।জাভেরি বাজারের একটি বড় নামকরা গয়না বাজার রয়েছে। সেখানকার বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী আলোকচিত্রী রুতাভি মেহতা বিবিসিকে বলেন, ‘কাছেই আমি কেনাকাটা করছিলাম। বিস্ফোরণের পরপরই ক্যামেরা নিয়ে দৌড়ে ঘটনাস্থলে চলে চাই।’রুতাভি মেহতা আরও বলেন, ‘মানুষের ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মানুষ চিৎকার-চেঁচামেচি করছিল। ঘটনা যখন ঘটে তখন সেখানে কেনাকাটার জন্য অনেক মানুষের ভিড় ছিল। ঘটনার আকস্মিকতায় কেউ কেউ হতবিহ্বল হয়ে পড়লেও অনেকে আহতদের সাহায্য করতে এগিয়ে যায়।’পুলিশের একজন কর্মকর্তা জানান, দাদার এলাকায় বিস্ফোরণটি হয়েছে বাসস্টপেজের একটি গাড়িতে। জাভেরি বাজারে বিস্ফোরণটি ঘটেছে খাও গলিতে। সেখানে অনেক রেস্তোঁরা আছে। অপেরা হাউস এলাকার বিস্ফোরণটি ঘটে প্রসাদ চেম্বারে।টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, বিস্ফোরণস্থল ঘিরে রেখেছেন সশস্ত্র পুলিশ সদস্যরা। সেখানে একটি গাড়ি জানালা ভেঙেচুরে পড়ে আছে।মহারাষ্ট্র সরকারের মন্ত্রী চগন ভুজবল টেলিফোনে রয়টার্সকে বলেন, তিনটি বিস্ফোরণই হয়েছে জনবহুল এলাকায়। কাজেই এটা পরিষ্কার যে হামলাকারীরা বেশিসংখ্যক মানুষকে হতাহত করতে চেয়েছিল।এ ছাড়া দাদার এলাকায় একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। বোমা অপসারণকারী দল সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করে।বিস্ফোরণের পরপরই দিল্লি ও হায়দরাবাদ থেকে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়। পুলিশ লোকজনকে শান্ত থাকার আহ্বান জানায়।জাভেরি বাজারে এর আগে ২০০২ সালে জোড়া বোমা বিস্ফোরণে ৫০ জন নিহত হয়েছিল।২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর সেখানে এটাই প্রথম সন্ত্রাসী হামলা। ২০০৮ সালের নভেম্বর মাসে দুটি বিলাসবহুল হোটেল, একটি ইহুদি কেন্দ্র ও একটি রেলস্টেশনে ওই হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন।বিবিসির অনলাইনের খবরে বলা হয়, সূত্রমতে পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আজমল আমির কাসাবের জন্মদিন ছিল গতকাল। ২০০৮ সালের হামলার ঘটনায় ভারতের আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কাসাব ওই হামলায় অংশ নেওয়া জঙ্গিদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি। তিনি বর্তমানে ভারতের কারাগারে আছেন। তবে বিবিসির অপর এক সাংবাদিক বলেন, আদালতের নথি অনুযায়ী কাসাবের জন্মদিন সেপ্টেম্বর মাসে।মনমোহন সিং, সোনিয়া গান্ধী ও বারাক ওবামার নিন্দা: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মনমোহন সিং এক বিবৃতিতে বলেন, ‘মুম্বাইয়ে আজ সন্ধ্যার এই হামলার কঠোর নিন্দা জানাই। মুম্বাইয়ের মানুষকে শান্ত ও একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’শেখ হাসিনার নিন্দা: মুম্বাইয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এক চিঠিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত ঘটনায় আমি খুবই কষ্ট পেয়েছে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি ওই ঘটনায় নিহত ও আহতের পরিবার, ভারতের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানাই। এএফপি, এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া, বিবিসি, বাসস।