বোমার আঘাতে রাজশাহীতে মহানগর পুলিশের উপপরিদর্শক মকবুল হোসেনের (২১) হাতের কবজি উড়ে গেছে। গতকাল রোববার সকালে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের আরও ছয় সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে বোমার আঘাতে দাঙ্গা দমন বিভাগের (আরসিডি) কনস্টেবল রফিকুল ইসলামের বাঁ হাতের কনুই ক্ষতিগ্রস্ত হয়েছে।আহত মকবুল হোসেনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। মকবুল চিকিৎসকদের জানিয়েছেন, তাঁর মাথা বরাবর বোমাটি আসছিল। তিনি মাথা বাঁচাতে দুই হাত দিয়ে তা ঠেকাতে গিয়েছিলেন। এতে বোমাটি তাঁর হাতেই বিস্ফোরিত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক বি কে দাম বলেন, মকবুল হোসেনের ডান হাতের কবজি ও বাঁ হাতের তিনটি আঙুল উড়ে গেছে। বাঁ হাতের বাকি দুটি আঙুলও ক্ষতবিক্ষত হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থান থেকে বোমার বেশ কিছু স্প্লিন্টার অপসারণ করা হয়েছে।মকবুল হোসেন নগরের মতিহার থানার একজন শিক্ষানবিশ উপপরিদর্শক। প্রশিক্ষণ শেষ করে মাস খানেক আগে তিনি এই থানায় যোগদান করেছেন। তাঁর বাবা আনসার আলী রাজশাহী মহানগর পুলিশের হাবিলদার (নিরস্ত্র) হিসেবে কর্মরত। তাঁর বাড়ি সিরাজগঞ্জে।বাবা আনসার আলী ছেলের সঙ্গে ঢাকায় গেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ছেলে তাঁর সঙ্গে কোনো কথা বলেননি। শুধু কয়েকবার চোখ মেলে তাকিয়েছেন। ছেলের একজন সহকর্মী তাঁকে বলেছেন, মাথা বাঁচাতে তিনি দুই হাত দিয়ে বোমা ঠেকাতে গিয়েছিলেন। তবে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মহসিন আলম মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, শিবিরের কাছে হাত উড়িয়ে দেওয়ার মতো কোনো অস্ত্র নেই। সাউন্ড গ্রেনেড ছুড়তে গিয়েই পুলিশের ওই সদস্য আহত হয়েছেন।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, পুলিশ যে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে, তাতে কেউ আহত হয় না। শিবিরের ছোড়া শক্তিশালী বোমার আঘাতেই মকবুলের হাতের কবজি উড়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বি কে দাম বলেন, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ফোন করে পুলিশের ওই সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বোমার আঘাতে কনুই ক্ষতিগ্রস্ত হওয়া কনস্টেবল রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত। পুলিশের আহত অন্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।সংঘর্ষ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের বাটার মোড় এলাকায় জামায়াত-শিবিরের প্রায় ৩০০ নেতা-কর্মী মিছিল বের করেন। তাঁরা আমান ট্রেডিং করপোরেশনের সামনে এসে ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের প্রতি ইটপাটকেল, ককটেল ও হাতবোমা ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে সংঘর্ষ রানীবাজার এলাকায় ছড়িয়ে পড়ে।রানীবাজারের মোমিন সাইকেল স্টোরের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন বলেন, ১০ থেকে ১২ মিনিট এমন তুমুল সংঘর্ষ হয়েছে যে তাঁরা বোমা আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ ছাড়া কিছুই শুনতে পাননি। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক, কিছু দেখতেও পাননি। তিনি আরও বলেন, ‘আমার দোকানের সামনে এসে একটি বোমার বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। ২১ বছর ধরে এখানে ব্যবসা করছি। এমন ভয়ানক সংঘর্ষ কোনো দিন দেখিনি।’বাজারের মারুফ ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী ঈশা শেখ বলেন, ‘সংঘর্ষ এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দোকানের পুরো শাটারও নামাতে পারিনি। ধোঁয়ায় দম আটকে আসছিল। কিছু দেখতে পারিনি। দোকানের ভেতরে দাঁড়িয়েই একজনের আর্তনাদ শুনলাম। সংঘর্ষ থামলে বাইরে এসে দেখি, দোকানের সামনের রাস্তায় রক্ত। মাংস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।’ তাঁর দোকানে গিয়ে দেখা যায়, শাটারের নিচের দিকে রাখা একটি প্যাকেট বোমার স্প্লিন্টারে ছিঁড়ে গেছে।পুলিশ জানায়, এখানেই বোমার আঘাতে উপপরিদর্শক মকবুলের হাতের কবজি উড়ে গিয়েছিল। সংঘর্ষের মধ্যেই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর আরও পুলিশ এলে জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন গলিপথে সরে পড়েন। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, ইটপাটকেল, ককটেল, বোমা ও লাঠিসোঁটার পাশাপাশি জামায়াত-শিবিরের কর্মীদের হাতে গুলতিও (বাটুল) দেখা গেছে। সংঘর্ষে নিজেদের কতজন আহত হয়েছে জানতে চাইলে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মহসিন আলম বলেন, ২৫ জনের মতো। গুরুতর আহত কেউ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘দু-তিনজন লেখেন।’ তবে তাঁরা কোথাও চিকিৎসা নিয়েছেন কি না, তা জানাননি মহসিন। আটক ৩৫: সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি। তবে সংঘর্ষ শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বিভিন্ন গলি ও এলাকায় পুলিশ অভিযান চালায় এবং রাত নয়টা পর্যন্ত ৩৫ জনকে আটক করে।বিকেলে নগরের জমজম ইসলামী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফ ও ইমাম জয়নাল আবেদীনকে তাঁদের কার্যালয় থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তাঁরা বিস্ফোরক দ্রব্য নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনার পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা। নিশ্চিত হয়েই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রাত নয়টা পর্যন্ত ৩৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কতজনকে গ্রেপ্তার দেখানো হবে, তা জিজ্ঞাসাবাদের পর ঠিক করা হবে।জিয়াউর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহারের অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে।পুঠিয়ায় ভাঙচুর: রাজশাহীর পুঠিয়ায় গতকাল বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলার শিবপুর এলাকায় রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি বা জামায়াত-শিবিরের কোনো কর্মীকে সেখানে পায়নি।