বোমায় কাঁপল অসলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের রাজধানী অসলো গতকাল শুক্রবার বিকেলে শক্তিশালী বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে। এতে প্রধানমন্ত্রীর দপ্তরসহ আশপাশের কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ নিরাপদে আছেন।প্রায় একই সময়ে রাজধানী থেকে দূরে একটি দ্বীপে ক্ষমতাসীন দলের একটি সম্মেলনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ১০ জন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।স্থানীয় সময় বেলা তিনটার দিকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরের বেশির ভাগ এলাকা থেকে। প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয় ও দেশের প্রধান ট্যাবলয়েড পত্রিকা ভিজে-এর প্রধান কার্যালয় ওই এলাকায় অবস্থিত।প্রাথমিকভাবে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ আহত হয়েছেন। তবে সরকারের মুখপাত্র ক্যামিলা রয়েস্ট পরে জানান, প্রধানমন্ত্রী ওই সময় কার্যালয়ে ছিলেন না। তিনি অক্ষত আছেন।পরে রাষ্ট্রীয় টেলিভিশনকে ফোন করে প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ এই ঘটনাকে ‘খুবই ভয়াবহ’ বলে অভিহিত করেন। মন্ত্রিপরিষদের সব সদস্য নিরাপদে আছে বলে তিনি জানান। তবে তিনি কোন স্থান থেকে ফোন করেছেন, তা জানাননি।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি এ ধরনের ঘটনার জন্য প্রস্তুতও থাকি, তারপর এটা খুবই নাটকীয়ভাবে ঘটেছে।’ সন্ধ্যায় মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানান স্টলটেনবার্গ।স্টেট সেক্রেটারি ক্রিস্টিন অ্যামুন্ডসেন বলেন, শুক্রবার ছিল সরকারি ছুটির দিন। কাজেই অন্য দিনের মতো ভবনগুলোতে সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। তার পরও ওই ভবনগুলোতে প্রতিদিন শত শত মানুষ থাকে।’অ্যামুন্ডসেন আরও বলেন, ‘অনেক মানুষ এখনো ভবনগুলোতে আটকা পড়ে আছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।’টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, প্রধানমন্ত্রীর দপ্তরসহ পাশের বহুতল সরকারি ভবনগুলোর জানালার কাচসহ কাঠামো ভেঙেচুরে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। রাস্তার ওপর আছে একটি বিধ্বস্ত গাড়ি।পুলিশ জানায়, এটি একটি গাড়িবোমা হামলা ছিল বলে তাদের মনে হয়েছে। তবে তারা নিশ্চিত নয়। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।এনআরকে টেলিভিশন জানায়, শহরের কেন্দ্রস্থল অভিমুখী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা থেকে লোকজন সরিয়ে দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আরও বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের এক মুখপাত্র জানান, আহত সাতজনকে তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের অবস্থা কতটা গুরুতর, তা তিনি জানেন না।বিস্ফোরণস্থলের কাছেই নরওয়ের রেডক্রসের প্রধান অস্টিন মারামের কার্যালয়। তিনি বিবিসিকে বলেন, প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়েছে। শহরের অনেক এলাকা থেকে শব্দ শোনা গেছে।মারাম বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের ১৭ তলা ভবনে এখনো আগুন জ্বলছে। শুক্রবার বিকেলে এই এলাকায় অনেক মানুষ থাকে। যে ভবনগুলোতে আগুন জ্বলছে সেখানে অনেক লোক কাজ করছিল।এনআরকের সাংবাদিক ইনগুন এন্ডারসেন জানান, বিস্ফোরণে ট্যাবলয়েড পত্রিকা ভিজে-এর প্রধান কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘ভিজে-এর কার্যালয় এবং আশপাশের সরকারি ভবনের অনেক জানালা ভেঙেচুরে পড়েছে। আহত অনেক মানুষ রক্তমাখা শরীর নিয়ে রাস্তায় পড়ে আছে।রেডক্রস কর্মকর্তা অস্টিন মারাম বলেন, ‘যদি এটা সন্ত্রাসী হামলা হয়ে থাকে তাহলে নরওয়েতে এমন ভয়াবহ সন্ত্রাসী হামলা কখনো হয়নি। আর নরওয়েবাসীর জন্য তা হবে ভয়ংকর উদ্বেগের বিষয়। বিশেষ করে, বিশ্বজুড়ে যখন একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে।’এদিকে, প্রায় একই সঙ্গে অসলো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে উটোইয়া দ্বীপে দেশের ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের একটি সম্মেলনে পুলিশবেশী এক বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হন। পরে পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করে।অসলোতে প্রধানমন্ত্রীর দপ্তরের বিস্ফোরণ এবং দলীয় সম্মেলনে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন। তিনি বলেন, ‘ন্যাটোর পক্ষ থেকে আমি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নরওয়ের সঙ্গে আমাদের একাত্মতা অবিচল থাকবে। ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলো কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের সহিংসতার বিরুদ্ধে লড়বে।’ন্যাটোর সদস্যদেশ নরওয়েতে এর আগে কখনো এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। তবে আফগান যুদ্ধে জড়িত হওয়ার পর থেকে কখনো কখনো আল-কায়েদার হুমকির মুখে পড়েছে দেশটি।