বোমায় নিহত ২০ সিরীয় সেনা
সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর দারায় আজ শনিবার দুটি বোমা হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি সেনাশিবিরে বিস্ফোরকভর্তি দুটি মোটরগাড়ি বিস্ফোরিত হলে সেখানে বহু মানুষ হতাহত হয়। বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা দুটি গাড়িবোমা বিস্ফোরণে অনেক মানুষের প্রাণ হারানো ও ক্ষয়ক্ষতির কথা জানালেও বিস্তারিত কিছু জানায়নি।দারায় বোমা হামলার দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। তবে, সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় বিদ্রোহীদের হামলা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে অনেকগুলো বিদ্রোহী দল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। বিদ্রোহীরা একটি শক্তিশালী জোট গঠনের জন্য কাতারের রাজধানী দোহায় তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে। বিবিসি বলেছে, বিদ্রোহীদের অন্যতম শক্তিশালী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) নতুন এই জোটে যোগ দেবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে সম্ভাব্য জোটের নাম হতে পারে ‘সিরিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ’।এসএনসি গতকাল শুক্রবার রাতে নতুন নেতার নাম ঘোষণা করেছে। খ্রিষ্টধর্মাবলম্বী জর্জ সাবরা একসময় কমিউনিস্ট হিসেবে জীবন যাপন করেছেন বলে জানিয়েছে বিবিসি।নেতৃত্ব পাওয়ার পর এক বিবৃতিতে সাবরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অস্ত্র সহায়তার আবেদন জানান।