বোমায় বিয়ের ১৮ অতিথি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে বিয়ে বাড়িতে যাওয়ার পথে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন।কর্মকর্তারা জানান, বালখ প্রদেশের দৌলাতাবাদ জেলায় আজ একটি মিনিবাসে করে বিয়ে বাড়িতে যাওয়ার পথে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বিবিসির খবরে বলা হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চল দেশের অন্যান্য অঞ্চল থেকে অধিকতর নিরাপদ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলেও তালেবানের কর্মকাণ্ড বেড়েছে।