বোমায় লেবাননের প্রধান গোয়েন্দা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের রাজধানী বৈরুতে গতকাল শুক্রবার ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের প্রধান উইসাম আল হাসানসহ আটজন নিহত হয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, গতকাল রাজধানীর কয়েক কিলোমিটার এলাকায় ওই গাড়িবোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায় ও আশপাশের ভবনের সামনের অংশ বিধ্বস্ত হয়। এতে উইসাম আল হাসানসহ আট ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ৮০ জন। তাঁদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। উইসাম আল হাসান লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান তদন্ত কর্মকর্তা ছিলেন। তিনি সিরিয়ার প্রধান বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। ২০০৮ সালের পর বৈরুতে গতকালের এই হামলাকে সবচেয়ে বড় ধরনের হামলা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সিরিয়ার সরকার।