বোরকা পরতে বাধ্য করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের কোনো দপ্তরে নারীদের বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নারীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ আদেশ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বা যেকোনো দপ্তরে নারীদের বোরকা পরতে বাধ্য করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিক্ষা, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের ওই নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে আগামী ২৬ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জানা যায়, ‘নাটোরের সরকারী রানী ভবানী মহিলা কলেজ, বোরকা না পরলে আসতে মানা’ শিরোনামে ২২ আগস্ট একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। তাঁরা বলেন, ‘পোশাক নির্বাচন করা ব্যক্তিস্বাধীনতার বিষয়। এ ব্যাপারে জোর করা মৌলিক অধিকারের পরিপন্থী। ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না দেওয়াও বৈষম্যমূলক।’ তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারিসহ অর্ন্তবর্তীকালীন নির্দেশ দেন।এ ব্যাপারে আইনজীবী কে এম হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ও অফিসে নারীদের বোরকা পরতে বাধ্য না করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ওই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।