বোরকা পরা নারীর আত্মঘাতী হামলা, ৪১ ত্রাণপ্রার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ত্রাণ নিতে গিয়ে এবার বোরকা পরা এক আত্মঘাতী জঙ্গির বোমা হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত বাজাউর এলাকায় গতকাল শনিবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রাণ বিতরণকালে ওই ভয়াবহ হামলা চালানো হয়। এতে আরও ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, হামলাকারী একজন নারী। তবে নারীর ছদ্মবেশে কোনো পুরুষ জঙ্গিও এ হামলা চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।একই দিন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মোহমান্দ এলাকায় জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এ সময় হেলিকপ্টার গানশিপের হামলায় ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন। পুলিশ বলছে, দুটি ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এএফপি, বিবিসি ও গার্ডিয়ানের।নিরাপত্তা কর্মকর্তারা জানান, তালেবান জঙ্গিদের একসময়কার শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত উপজাতি-অধ্যুষিত বাজাউর জেলার প্রধান শহর খারে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। তাঁরা বলেন, ডব্লিউএফপি ও অন্যান্য সাহায্য সংস্থা পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে সহস্রাধিক উদ্বাস্তু জড়ো হয়েছিল। সে সময় তাদের লক্ষ্য করে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। খার শহরের উপপ্রশাসক তারিক খান বলেন, একজন নারীই এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা মুবাশির খান ও মুনাসিব খান একই মন্তব্য করেছেন। তাঁরা বলেন, ত্রাণ বিতরণের সময় টহলচৌকিতে বোরকা পরা ওই নারীকে তল্লাশি করতে চাইলে সে তাতে বাধা দেয়। এর পরপরই নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে সে একটি হ্যান্ডগ্রেনেড ছোড়ে। পরে তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।নিরাপত্তা কর্মকর্তারা জানান, দুজন আত্মঘাতী হামলাকারী বাজাউরে প্রবেশ করেছে বলে তাঁদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। ২২ ডিসেম্বর এ হামলা চালানোর কথা ছিল। কিন্তু হামলাকারীরা শেষ মুহূর্তে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। উপজাতীয় প্রশাসনিক কর্মকর্তা সোহেল খান বলেন, ‘আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬০ জন।’ স্থানীয় সরকারি হাসপাতালের প্রধান মোহাম্মদ হাফিজ বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। স্থানীয় সরকারি হাসপাতালের কর্মকর্তা দোস্তি রেহমান বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।’ এ হামলার ঘটনার পর খার শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা টহল বাড়িয়ে দিয়েছেন। জঙ্গিদের পাকড়াও করতে তাঁরা সন্দেহজনক জায়গাগুলোতে তল্লাশি অভিযান শুরু করেছেন। এদিকে মোহমান্দে চালানো সেনা অভিযানে ৪০ জঙ্গি নিহত হয়েছে। এ সময় হেলিকপ্টার গানশিপ থেকে জঙ্গিদের আস্তানায় গোলা নিক্ষেপ করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদে ২০০৭ সালে জঙ্গিদের দখল থেকে একটি মসজিদ উদ্ধারের পর এ পর্যন্ত আত্মঘাতী অথবা বোমা হামলার ঘটনায় প্রায় চার হাজার লোক নিহত হয়েছে।