বোরকা পরায় এক মুসলিম নারী রোষের শিকার হলেন ফ্রান্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরকা পরে বাজার করতে এসে এক মুসলিম নারী আরেক ফরাসি নারীর রোষানলের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার ফ্রান্সের লয়ের-আটলান্টিকে এ ঘটনা ঘটে। এ সময় ফরাসি নারীটি মুসলিম নারীর বোরকা খুলে ফেললে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ এ ঘটনায় দুজনকেই আটক করেছে। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের। যে ফরাসি নারীটি মুসলিম নারীর বোরকা খুলে ফেলেন, তিনি প্রায় ৬০ বছর বয়সী একজন আইনজীবী। তিনি বলেছেন, বোরকা পরা অবস্থায় মুসলিম নারীটিকে তাঁর কাছে অত্যন্ত ভীতিপ্রদ লাগছিল। তাঁকে অনেকটা ফ্রান্সের টিভি দর্শকদের কাছে অতি পরিচিত একটি হরর সিরিয়ালের ‘বেলফেগোর’ চরিত্রটির মতো লাগছিল। বেলফেগোর ফরাসিদের কাছে একটি ভীতিজনক চরিত্র হিসেবে পরিচিত, যে সব সময় নিজের মুখ কালো কাপড়ে ঢেকে রাখে।আটক হওয়ার পর মুসলিম নারীটি পুলিশের কাছে ফরাসি আইনজীবী নারীটির বিরুদ্ধে তাঁর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ও সাম্প্রদায়িক হয়রানির একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ফরাসি নারীটিও তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে দৈহিকভাবে আক্রমণ করার অভিযোগ করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ফ্রান্সে বোরকার বিরুদ্ধে সামাজিক ক্রোধের প্রথম বহির্প্রকাশ। ফ্রান্সের পার্লামেন্টে ইতিমধ্যেই বোরকাকে ফ্রান্সের ‘সামাজিক মূল্যবোধবিরোধী’ একটি পোশাক হিসেবে ঘোষণা করে সর্বস্তরে বোরকা পরা নিষিদ্ধ করার একটি আইনের খসড়া আলোচনার জন্য গৃহীত হয়েছে। কয়েক মাসের মধ্যেই এ আইনটি পাস ও কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাই সারকোজিও এ রকম একটি আইন প্রণয়নের পক্ষে। তবে এ আইনের বিরোধিতাকারীরা এর সমালোচনা করে বলেছেন, এ আইনটি পাস হলে মুসলিমদের সামাজিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে, ভূলুণ্ঠিত হবে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ চরিত্র। এ আইন প্রয়োগের অর্থ হবে মুসলিম নারীদের ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষ করা, যা মানবাধিকারবিরোধী।