বোরকা বাধ্যতামূলক করার দাবি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের
শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা বা ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না বলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রকে ইসলামবিরোধী আখ্যা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া (বেফাক)।আজ বৃহস্পতিবার বেফাকের সভাপতি আহমদ শফি, সহসভাপতি আনোয়ার শাহ, আশরাফ আলী, মহাসচিব আবদুল জব্বারসহ সংগঠনের নেতারা এক বিবৃতিতে বলেন, স্কুল-কলেজ সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় নিয়ম করার সাংবিধানিক অধিকার কর্তৃপক্ষের আছে। উচ্চ আদালতের মাধ্যমে ইসলামি মূল্যবোধে আঘাত হানে—এমন কোনো রায় এ দেশের জনগণ কখনো মেনে নেবে না। বিবৃতিতে সব নারীর জন্য বোরকা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার বিষয়ে ২২ আগস্ট হাইকোর্টের রায়ের পর শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, তা কোরআন, সুন্নাহর পরিপন্থী। প্রাপ্তবয়স্ক নারীদের জন্য ইসলামি শরিয়তে পর্দা ফরজ। পর্দা আদায়ে নারীর জন্য বোরকা বাধ্যতামূলক। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন বা পোশাক হিসেবে বোরকা বাধ্যতামূলক করে, তাহলে তা বেআইনি নয়। বরং ইউনিফর্ম, স্কুলসূচি, স্কুল-কলেজ সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় নিয়ম করার সাংবিধানিক অধিকার কর্তৃপক্ষের আছে।’বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র প্রত্যাহার ও ইভটিজিং রোধে সমাজের সর্বস্তরের নারীদের বোরকা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।