গৌরনদীতে বিএনপির বর্জন মেহেন্দীগঞ্জে হামলা
বোরহানউদ্দিনে ব্যালট ছিনতাই, সিল মারা ব্যালট উদ্ধার
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার একটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও ভোটারদের প্রকাশ্যে সিল মারতে বাধ্য করার ঘটনা ঘটেছে। ব্যালট ছিনতাইয়ের কারণে দুপুরের পর ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। আরেক কেন্দ্রে এক প্রিসাইডিং কর্মকর্তার আলমারি থেকে আগেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর আনারস প্রতীকে সিল মারা ১০০ ব্যালটও উদ্ধার করা হয়েছে। নয়টি কেন্দ্রের ছয়টিতে আগে থেকে সিল মারা ব্যালট ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজনের হামলার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। আওয়ামী লীগ বলছে, পরাজয় নিশ্চিত জেনেই তিনি নির্বাচন বর্জন করেছেন। মেহেন্দীগঞ্জেও বিএনপি-সমর্থক প্রার্থী তাঁর ওপর হামলার অভিযোগ করেছেন। এখানে একটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। বোরহানউদ্দিন: বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নুর-ই আলম চৌধুরী ওরফে টিপু চৌধুরী, বিএনপির প্রার্থী সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমের ভাগনে বর্তমান মেয়র সাইদুর রহমান এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম স্থানীয় প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতি করেছেন। ১, ৩, ৫, ৭, ৮ ও ৯ নম্বর কেন্দ্রে তাঁর লোকজন আগে থেকে সিল মারা ব্যালট ফেলেছেন। তাঁরা নির্বাচন বাতিলের দাবি জানান। স্থানীয় সূত্র ও অন্য প্রার্থীরা দাবি করেন, রফিকুল ইসলাম সমর্থকদের নিয়ে গতকাল দুপুর আড়াইটার দিকে ৮ নম্বর কেন্দ্রে যান। তাঁরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেন এবং আনারস প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে থাকেন। অন্য প্রার্থীর এজেন্টরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়লে ভোট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত র্যাব-পুলিশ নিয়ে হাজির হন।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যালট পেপারের বেশ কিছু ছেঁড়া মুড়ি পড়ে আছে। এগুলোতে ভোটার নম্বর নেই, প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও বিষয়গুলো খতিয়ে দেখেন। জানতে চাইলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এগুলো জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কেন্দ্রের আরেক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে জানান, দুপুর আড়াইটার দিকে পাঁচ-ছয়জন লোক এসে জোর করে তাঁদের কাছ থেকে সব ব্যালট পেপার নিয়ে যায় এবং দ্রুত সিল মেরে সেগুলো ব্যালট বাক্সে ফেলতে থাকে। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। অন্য তিন মেয়র পদপ্রার্থী উপস্থিত বিচারিক হাকিম শামীম আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আক্তারের কাছে এই কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানান। আদালত ঘটনাস্থল থেকে ছেঁড়া ও স্বাক্ষর না করা ব্যালট পেপারগুলো জব্দ করেন। এর আগে তিন মেয়র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে দুপুর একটার দিকে ৫ নম্বর কেন্দ্র কুতবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে সেখানকার প্রিসাইডিং কর্মকর্তা মমিন হোসেনের আলমারি থেকে আনারস প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের ম্যাজিস্ট্রেট ইকবাল আক্তার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মমিন হোসেন এবং দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রবিউল আলম ও কামাল হোসেন এবং পোলিং কর্মকর্তা আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেন। ফলে সেখানে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। তিন মেয়র প্রার্থীর অভিযোগ, এই ঘটনার পর উপজেলা রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম সেখানে গিয়ে সবাইকে ছেড়ে দেন এবং পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেন। তিন প্রার্থীর অভিযোগ, সবার সামনে ভোট দিতে ভোটারদের বাধ্য করেছেন রফিকুল ইসলামের লোকজন। স্থানীয় প্রশাসনও তাঁদের সহায়তা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে যা দেখেছি, তার ভিত্তিতে তাঁদের আমার জিম্মায় আটক রেখেছিলাম। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা এসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমার কিছু বলার নেই।’ জানতে চাইলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘৫ নম্বর কেন্দ্রে যে ব্যালট পেপারগুলো সিল মারা অবস্থায় পাওয়া গেছে, সেগুলো আসলে প্রিসাইডিং কর্মকর্তা জব্দ করে তাঁর কাছে রেখেছিলেন। ম্যাজিস্ট্রেট সেগুলোই উদ্ধার করেছেন। আর ৮ নম্বর কেন্দ্রে ব্যালটের যে মুড়ি পাওয়া গেছে, তাতে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর নেই। এগুলো এমনিতেই বাতিল হয়ে যাবে।’ নির্বাচনের পরিবেশ কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট ভালো হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হারাতে চেয়েছিল। কিন্তু জনগণ সেটি হতে দেয়নি। তারা আমার বিজয় নিশ্চিত করেছে।’ রফিকুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটায় যখন এ বক্তব্য দেন, তখন ভোট গণনা কেবল শুরু হয়েছে। গৌরনদী: বরিশালের গৌরনদীতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম হাওলাদার। গতকাল বৃহস্পতিবার ভোট শুরুর কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি দুপুর সাড়ে ১২টায় প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে না, এমন আশঙ্কা আমার আগে থেকেই ছিল। এ কারণে আমি এখানে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। তারা সেনা মোতায়েন করেনি।’ বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী দাবি করেন, ‘সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার ১৫-২০ মিনিট পর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হামিদুল ইসলামের লোকজন সব কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেন। বিভিন্ন স্থানে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ কারণে আমি নির্বাচন বর্জন করেছি।’ তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেই তাঁর কাছে খবর রয়েছে। তাঁর কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হামিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকায় জনগণ আছে। তারা সবাই সাক্ষী। বিপক্ষ প্রার্থীর সমর্থকদের কেউ মারধর করেছে অথবা ঝামেলা হয়েছে, এমন কোনো অভিযোগ নেই। এমন সুষ্ঠু নির্বাচন এর আগে গৌরনদীতে কোনো দিন হয়নি। বিএনপির প্রার্থী তাঁর পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত। মেহেন্দীগঞ্জ: বরিশালের মেহেন্দীগঞ্জে বিএনপি-সমর্থিত প্রার্থী সাহাবুদ্দিন বিভিন্ন কেন্দ্র থেকে দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন। এ পৌরসভার ১ নম্বর কেন্দ্রের নির্বাচন বাতিল করা হয়েছে। সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পঙ্কজ দেবনাথের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা কালিকাপুর, অম্বিকাপুর, দুর্গাপুরসহ বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেন। বিভিন্ন স্থানে তাঁর কর্মীদের মারধর করা হয়। এ ছাড়া আগে থেকে সিল মারা অনেক ব্যালট তাঁরা বাক্সে ফেলেছেন। সব মিলিয়ে এখানে ভোট ডাকাতি হয়েছে। তিনি এ নির্বাচন বাতিলের দাবি জানান। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। কেন্দ্রে গিয়ে হামলার বিষয়ে জানতে চাইলে পঙ্কজ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমি মেহেন্দীগঞ্জে আমার বাসায় ছিলাম। আমি কোথাও যাইনি। হামলার প্রশ্নই ওঠে না।’ উপজেলা রিটার্নিং কর্মকর্তা বদরুল হক প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্ন কিছু অভিযোগ আসছে। তবে বড় কিছু নয়। নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। পঙ্কজ দেবনাথের নামে বিভিন্ন কেন্দ্রে ঢুকে মারধরের যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তিনি বলেন, পঙ্কজ এখানকার ভোটার। তিনি তাঁর নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিয়েছেন।