বোরহানউদ্দিনের বিনা টাকার গ্যাস কমতে শুরু করেছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিনা টাকার গ্যাসের মজুদ কমতে শুরু করেছে। তার পরও প্রতিদিনই নতুন নতুন গভীর নলকূপ বসছে বিনা মূল্যের গ্যাসে রান্না ও বিনা কষ্টে পানি পাওয়ার জন্য।বিনা পয়সায় গ্যাস ব্যবহারকারী ব্যক্তিরা জানান, বোরহানউদ্দিন উপজেলার চারটি ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার গভীর নলকূপের সঙ্গে ওঠা গ্যাস দিয়ে রান্না করে এবং পানি দিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটায়। ইউনিয়নগুলো হচ্ছে কাচিয়া, টবগী, পক্ষিয়া ও হাসাননগর। ৪০ বছর ধরে বিনা চাপে নলকূপ দিয়ে অনবরত গ্যাস ও পানি উঠলেও গ্যাস দিয়ে রান্না এবং বাতি জ্বালানোর কাজ শুরু হয়েছে ৩৫ বছর আগে। ১৯৭৩ সাল থেকে টগবী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথার হাওলাদার বাড়ির কয়েকঘর নলকূপের গ্যাস দিয়ে রান্নাবান্না ও পানি দিয়ে বোরো আবাদ করছে। ওই বাড়ির বিএসসির শিক্ষক মাকসুদুর রহমান হাওলাদার (৪৫) জানালেন, তিনি স্বাধীনতার পর থেকেই দেখছেন, এ অঞ্চলে পরিবারগুলো আপনা-আপনি গভীর নলকূপ থেকে ওঠা গ্যাস দিয়ে রান্না করছে, বাতি জ্বালাচ্ছে। তিনি আরও জানান, স্বাধীনতার পর পরই ইংরেজরা এ অঞ্চলে আসে গ্যাসকূপ জরিপ করতে। তখনই তারা প্রথম গ্যাস ব্যবহার করে রান্না শুরু করে। এখন অবশ্য পল্লী বিদ্যুৎ ও হ্যাজাক লাইট দুই-ই ব্যবহার করা যায়। তিনি জানান, শুরুর দিকে যেমন গ্যাসের চাপ ছিল, এখন তেমন নেই। অনেকের নলকূপ দিয়ে গ্যাস ওঠা বন্ধও হয়ে গেছে। তারা পরবর্তী সময়ে অন্য জায়গায় গ্যাসের জন্য নলকূপ বসাচ্ছে। গ্যাসে রান্নার যে সুবিধা তা এলাকাবাসী ভুলতে পারছে না।সরেজমিনে দেখা যায়, একটি নলকূপ থেকে বিদ্যুৎ লাইনের মতো পাইপলাইন নিয়ে গ্যাসসুবিধা নিচ্ছে ওই এলাকার একাধিক পরিবার। যা ৫ থেকে ৩০টি পরিবার পর্যন্ত আছে। টগবী ইউনিয়নের আবুল বাসার চৌকিদার বাড়ির একটি নলকূপ থেকে মো. আ. কাদের (৪০), শাহজল হক (৫০), আ. আজিজ (৪৫), মোতাহার হোসেন (৪৭), আবু তাহের (৩০), মো. মফিজ (২৮), মো. সিদ্দিক (৩০), মো. ইয়াসিন (২৮), মোস্তাফিজ চৌকিদার (৬২) এবং ওই বাড়ির মেয়ে রেনু বেগম ও আমির হোসেনসহ একাধিক পরিবারের সদস্যরা জানান, নলকূপ দিয়ে সারা দিন উঠতে থাকা পানি দিয়ে কী করবেন। নিত্যপ্রয়োজনীয় কর্ম সারার পর নলকূপের পানিতে ২০ বছর ধরে তাঁরা বোরো আবাদ করছেন খালের পানির পরিবর্তে। এতে সেচের খরচ বেঁচে যাচ্ছে। তাঁরা আরও জানান, একটি নলকূপ থেকে ওঠা পানি দিয়ে ১৫-২০ একর জমিতে সেচ দেওয়া সম্ভব ছিল। তবে এখন গ্যাস ও পানির চাপ কমে আসায় কম জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে।উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্যাস ফিল্ডের সামনের নলকূপটি বসানোর পর থেকে বিনা চাপে পানি ওঠা শুরু করে। স্থানীয় চায়ের দোকানদার রফিক শিকদার (৪১) জানান, তিনি ৩০ বছর এখানে চা বিক্রি করেন। প্রথম দিকে কাঠের চুলায় সবকিছু রান্না করতেন। হাকীমউদ্দিন বাজার এলাকায় ঘুরতে গিয়ে দেখেন সেখানকার হোটেল ও বাসাবাড়িতে নলকূপের সঙ্গে গ্যাস দিয়ে রান্না করা হচ্ছে। তখন তিনিও তাঁর হোটেলের সামনের নলকূপের ওপর একটি মোটা পাইপ বসিয়ে ছোটখাটো ট্যাঙ্কি নির্মাণ করেন। ট্যাঙ্কির অনেকগুলো মুখ আছে। ওই মুখের সঙ্গে পাইপ টেনে গ্যাসের চুলায় রান্না শুরু করেন। তাঁর দেখাদেখি সাতটি লাইন টানেন হোটেল ব্যবসায়ী ও বাসাবাড়ির মালিকেরা। সেই থেকে ২১ বছর বিনা পয়সার গ্যাসে চুলা জ্বালিয়ে আসছেন। তবে আগের মতো গ্যাসের চাপ ও আগুনে তাপ নেই। প্রথম দিকে গ্যাসের চাপ বেশি ও আগুনের রং ছিল নীলছে। তবুও প্রতিদিন বোরহানউদ্দিনের অনেক পরিবার বিনা অর্থ ও বিনা কষ্টে গ্যাস এবং পানির চাহিদা মেটানোর জন্য নতুন নতুন নলকূপ বসাচ্ছে। উপজেলার টগবী গ্রামের পল্লিচিকিৎসক মো. হারুনুর রশিদ (২৮) বলেন, ‘আমগো পানি কিনোন লাগে না, লাকরি (জ্বালানি) কিনোন (ক্রয়) লাগে না, কেরাসিনও কিনোন লাগে না। সব গ্যাস, গ্যাস দিয়াই হ্যাজাক লাইট জ্বালাই, গ্যাস দিয়াই রানদি (রান্না করা), গ্যাসের লগে পানি ওডে, শীতকালে হেই পানি দিয়া কেউ কেউ জমিত্ ইরি ইস্কীম করি, আল্লায় আমগোরে নে’মত (নেয়ামত) দিছে।’ বাপেক্সের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শুরু হয় ১৯৯৪ সালে। তারও আগ থেকে এলাকাবাসী এই ভাসমান গ্যাস দিয়ে রান্না ও সেচের চাহিদা পূরণ করছে। তবে এ ভাসমান গ্যাস গভীর তলদেশের গ্যাস নয়। এটি মাত্র আট থেকে নয় শ ফুট গভীরে। ওই স্তর পর্যন্ত নলকূপ বসালে এ গ্যাস পাওয়া যায়। এ গ্যাসের চাপ আগের মতো নেই। অনেক স্থানে গ্যাস শেষও হয়ে গেছে। আবার কোথাও শুরুও হচ্ছে। তবে এ জন্য সাড়ে ১০ হাজার ফুট নিচে সরকারের মজুদকৃত গ্যাসের কোনো ক্ষতি হচ্ছে না।