বোরহানের হট পেটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরহান কবীর হট পেটিস বিক্রি করেন। পেটিসের বাক্স নিয়ে ঘুরে বেড়ান পুরানা পল্টন, নয়া পল্টন, শান্তিনগর, বেইলি রোড প্রভৃতি এলাকায়। তিনি জানান, বেলা ১২টার মধ্যে পেটিস এনে পুরানা পল্টন এলাকায় বিক্রি শুরু করেন। বাসায় ফিরতে ফিরতে রাত ১১টা-১২টা বাজে।বোরহান পেটিস বিক্রির কাজ করেন সাত বছর ধরে। তিনি চানখাঁরপুলের পপুলার বেকারি থেকে পেটিস আনেন। তিনি জানান, ১৭ জন হট পেটিসওয়ালা পপুলার বেকারির হট পেটিস বিক্রি করেন। প্রতিদিন ১৫০টি হট পেটিস কেনেন। ছোট পেটিস বিক্রি করেন ছয় টাকায় আর বড় পেটিস আট টাকায়। প্রতিটি পেটিসে লাভ থাকে দুই টাকা। প্রতিদিন তাঁর আয় ৩০০ টাকা। শুক্র ও শনিবার রাস্তায় লোকজন কম থাকে, তাই পেটিস বিক্রি করতে বেশি সময় লাগে।হকার আর রিকশাচালকেরা হট পেটিসের প্রধান ক্রেতা। স্কুল-কলেজের ছেলেমেয়েরাও হট পেটিস পছন্দ করে। বোরহান জানান, বাক্সের ভেতরে হট পেটিস গরম থাকে। ‘ঝাল আর গরম’ এই হচ্ছে হট পেটিসের বৈচিত্র্য।বোরহানের গ্রামের বাড়ি ঢাকা জেলার জয়পাড়ায়। তিনি জানান, তাঁদের জায়গাজমি পদ্মায় ভেঙে নিয়ে গেছে দুবার। পরের জায়গায় ঘর করে থাকতেন। এখন থাকেন গুলবাগ। ঘরভাড়া দেন এক হাজার ৮০০ টাকা। সংসারে আছেন মা আর মেয়ে। মেয়ে রোজিনা মালিবাগে একটি পোশাকশিল্পে চাকরি করেন। মা বাসায় রান্নাবান্না করেন। তাঁর মায়ের বয়স ৯০ বছর, প্রায়ই অসুস্থ থাকেন। তাঁর বউ মারা গেছেন ১৫ বছর আগে। তখন তাঁর মেয়ের বয়স দুই বছর।বোরহান প্রেম করে বিয়ে করেছিলেন। রোজিনার মা হাসিনা তখন স্কুলে পড়েন। হাসিনা কলাকোপা-বান্দুরা-সদরঘাট লাইনের লঞ্চের সারেংয়ের মেয়ে। বোরহান তখন বান্দুরার একটা ডেকোরেটরের দোকানে কাজ করতেন। স্কুলে যাওয়া-আসার পথে হাসিনার সঙ্গে দেখা হতো। এভাবেই প্রেম হয়। দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেন।বোরহান ঢাকায় আসেন ১৯৮৪ সালে। হাসিনা বাসাবাড়িতে কাজ শুরু করেন। বোরহান তখন রিকশা চালাতেন। কিডনির সমস্যায় হাসিনা মারা যান। অনেক দিন হাসপাতালে ছিলেন। জীবনে যে টাকা সঞ্চয় করেছিলেন, সব দিয়ে হাসিনার চিকিৎসা করিয়েছেন। ‘আমার মাইয়া রোজিনা একটা পুলার লগে প্রেম করে। তারা বিয়া করতে চায়।’ বলেন বোরহান।