বোরো খেত ফেটে চৌচির
চলতি বোরো মৌসুম শুরু হওয়ার পরেও উপসহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) এখনো খেতে পানি সরবরাহ করতে না পারায় পানির অভাবে বরিশালের গৌরনদীতে আগাম রোপণ করা বোরো ধানের খেত ফেটে চৌচির হয়ে গেছে। জরুরি ভিত্তিতে জমিতে পানি সরবরাহ করা না গেলে ধানের চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নসহ পৌর এলাকার প্রায় দুই হাজার ৪৫০ হেক্টর জমিতে আগাম বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এরই মধ্যে পানি না থাকায় অধিকাংশ বোরো খেত শুকিয়ে জমিতে ফাটল ধরেছে। উপজেলার আশোকাঠী গ্রামের কৃষক হানিফ হাওলাদার বলেন, বোরো মৌসুম শুরু হওয়ার পরেও ব্লক সুপারভাইজার এখনো পানি দিতে না পারায় খেত শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। পানির অভাবে রোপণ করা ধানের চারা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। একই ধরনের কথা জানান, উপজেলার বাটাজোর গ্রামের কৃষক আলী আকবর খলিফা, চাঁদশী গ্রামের স্বপন সরদার, নাঠৈ গ্রামের মোহাম্মদ আলী, ধুরিয়াইল গ্রামের জালাল সরদারসহ কয়েকজন। এ ব্যাপারে উপজেলার আশোকাঠী-হরিসেনা এলাকার ব্লক সুপারভাইজার দেলোয়ার খান বলেন, ব্লকের আওতাভুক্ত ছোট ছোট খালগুলো শুকিয়ে পানিশূন্য হয়ে যাওয়ায় বোরো মৌসুম শুরু হওয়া সত্ত্বেও এখনো পানি সরবরাহ করা সম্ভব হয়নি। খালের সংযোগ স্থলে সেচপাম্প বসিয়ে শিগগিরই পানি সরবরাহ করা হবে। একই ধরনের কথা জানান কয়েকজন ব্লক সুপারভাইজার। সরেজমিনে দেখা গেছে, গৌরনদী উপজেলার কালনা ভায়া গেরাকুল, হাপানিয়া খাল, মাহিলাড়া-সরিকল খাল, সাউদের খাল, কসবা-ধানডোবার খাল, বাঘমারা-বার্থী খাল, বড় দুলালী-তাঁড়াকুপির খাল, কমলাপুর-ইল্লার খাল, পালরদী-চাঁদশীর খাল, বাটাজোর-সরিকল খালগুলো শুকিয়ে পানিশূন্য রয়েছে। এসব এলাকার কৃষকেরা জরুরি ভিত্তিতে খালগুলো খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। এ ব্যাপারে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর বিশ্বাস বলেন, শুকনো খালগুলোয় সেচপাম্প বসিয়ে ইরি ব্লকে পানি সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।