বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য বিভাগের নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে চালের দাম কেজিপ্রতি কমপক্ষে পাঁচ-সাত টাকা বেশি হওয়ায় মাগুরায় চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রার এক-পঞ্চমাংশও অর্জিত হয়নি। এদিকে সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ায় খাদ্য বিভাগ তাদের নিবন্ধিত (লাইসেন্সধারী) চালকল-মালিকদের অভিযানে চুক্তিবদ্ধ না হওয়া এবং চুক্তিবদ্ধ হওয়ার পরও চাল সরবরাহ না করায় জেলার ১২৩ চালকল মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ওই নোটিশ পেয়ে চালকল-মালিকেরা বিপাকে পড়েছেন। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে মাগুরার চার উপজেলায় সরকারিভাবে মোট ছয় হাজার ৮১৩ মেট্রিক টন চাল ও এক হাজার ১৮৫ মেট্রিক টন ধান ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে সদরে চার হাজার ৪৮০ মেট্রিক টন চাল ও ৫৫২ মেট্রিক টন ধান, মহম্মদপুরে ৫৭৮ মেট্রিক টন চাল ও ১৪০ মেট্রিক টন ধান, শালিখায় এক হাজার ৩৮৬ মেট্রিক টন চাল ও ৩৯৩ মেট্রিক টন ধান এবং শ্রীপুরে ৩৬৯ মেট্রিক টন চাল ও ১০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। খাদ্য বিভাগ সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং নিবন্ধিত মিলের মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করে। চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয় ১ মে থেকে। গত ৩০ আগস্ট সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা থাকলেও তা আরও এক মাস বাড়ানো হয়। ফলে গত ৩০ সেপ্টেম্বর এ অভিযান শেষ হয়েছে। এ মৌসুমে সরকার ধান ১৭ টাকা ও চাল ২৫ টাকা কেজি দরে ক্রয়ের সিদ্ধান্ত নেয়। জানা গেছে, মাগুরা জেলায় খাদ্য বিভাগের নিবন্ধিত চালকল রয়েছে ১৭৫টি। এর মধ্যে সদরে ১০৫টি, মহম্মদপুরে ১৭টি, শালিখায় ৩৯টি এবং শ্রীপুরে ১৪টি। এসব চালকল মালিকের কাছ থেকে খাদ্য বিভাগ চাল সংগ্রহ করে। তবে খোলা বাজারে চালের দাম খাদ্য বিভাগের নির্ধারিত দামের থেকে কমপক্ষে পাঁচ-সাত টাকা বেশি হওয়ায় চালকল-মালিকেরা মৌসুমের শুরুতেই সরকারি সংগ্রহ অভিযানে অংশ নিতে অনাগ্রহী ছিলেন। এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সহকারী উপ-খাদ্য পরিদর্শক প্রবোধ কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘মূলত খোলা বাজারে চালের দাম বেশি হওয়ায় মিলাররা সংগ্রহ অভিযানে সাড়া দেননি। আমরা অনেক চেষ্টা-তদবির করে মিলারদের অনুরোধ করে কিছু চাল সংগ্রহ করেছি। কিন্তু তাও লক্ষ্যমাত্রার এক-পঞ্চমাংশ হবে না। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট চাল সংগৃহীত হয়েছে এক হাজার ১৬২ মেট্রিক টন। এর মধ্যে সদরে ৮৫৭ মেট্রিক টন, মহম্মদপুরে ১২৫ মেট্রিক টন, শালিখায় ১৩০ মেট্রিক টন এবং শ্রীপুরে ৫০ মেট্রিক টন। এ ছাড়া শালিখা উপজেলায় মাত্র ১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।’এ প্রসঙ্গে মহম্মদপুর উপজেলার নিবন্ধিত চালকল-মালিক রবীন্দ্রনাথ সাহা প্রথম আলোকে বলেন, ‘খাদ্য বিভাগের লাইসেন্সধারী চাল ব্যবসায়ী হওয়ায় চুক্তিবদ্ধ না হয়ে পারিনি। চুক্তিবদ্ধ হয়ে এখন মহাবিপদে পড়েছি। আমার সঙ্গে ২০ মেট্রিক টন চাল দেওয়ার চুক্তি হয়েছিল। আগে সাড়ে ১০ মেট্রিক টন দিয়েছি ২৫ টাকা কেজি দরে। বাকি সাড়ে নয় মেট্রিক টন দিয়েছি ২৮ টাকা দরে। এতে টনপ্রতি কমপক্ষে পাঁচ হাজার টাকা করে লোকসান হয়েছে। যে মানের চাল দিতে হচ্ছে তার দাম খোলা বাজারে প্রতিকেজি ৩০-৩২ টাকা। বাইরে ধান বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৪০ টাকা মন। এবার চুক্তিবদ্ধ প্রত্যেক মিলের মালিককে বিপুল পরিমাণ টাকা লোকসান গুনতে হয়েছে।’শালিখা উপজেলা চালকল-মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাজারে চালের দাম কেজিপ্রতি কমপক্ষে পাঁচ-সাত টাকা বেশি। তাহলে মিলাররা চাল দেবে কীভাবে? গতবার খোলা বাজারে চালের দাম কম ছিল। সরকারি ক্রয়কেন্দ্রে দাম ছিল বেশি। তখন রাজনৈতিক দলের নেতারা কোন মিলার কত মেট্রিক টন চাল দেবেন, তা নির্ধারণ করে দিয়েছিলেন। ওই ভাগবাটোয়ার করতে গিয়ে নেতারা আমাদের কাছ থেকে কমপক্ষে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। এখন আমাদের লোকসানের বেলায় কেউ এগিয়ে আসছে না।’সহকারী উপ-খাদ্য পরিদর্শক প্রবোধ কুমার পাল, খাদ্য বিভাগের লাইসেন্সধারী মোট ১৭৫ জন চালকল-মালিকের মধ্যে চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ অভিযানে মাত্র ৭৬ চালকল-মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধদের মধ্যেও ২৪ চালকল-মালিক চুক্তির চাল দেননি। যাঁরা খাদ্য বিভাগের লাইসেন্সধারী হওয়া সত্ত্বেও চুক্তিবদ্ধ হননি এবং চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি, এমন ১২৩ চালকল-মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কয়েকজন চালকল-মালিক এরই মধ্যে নোটিশের জবাব দাখিল করেছেন।সদর উপজেলার ইছাখাদা বাজারের মাস্টার রাইচ মিলের মালিক আমিনুল ইসলাম এবং রাজিবেরপাড়া বাজারের আমজাদ রাইচ মিলের মালিক আমজাদ হোসেন সংগ্রহ অভিযানে চুক্তিবদ্ধ না হওয়া সম্পর্কে খাদ্য বিভাগের নোটিশের জবাবে জানান, খোলা বাজারে চালের দাম বেশি। কিন্তু খাদ্য বিভাগের দেওয়া দাম কম। তাই খাদ্য বিভাগের লাইসেন্সধারী হওয়া সত্ত্বেও তাঁরা সংগ্রহ অভিযানে চুক্তিবদ্ধ হননি। এ প্রসঙ্গে সদর উপজেলা শত্রুজিৎপুর বাজারের মা রাইচ মিলের মালিক পরিমল সাহা বলেন, ‘আমার খাদ্য বিভাগের সঙ্গে ২০ মেট্রিক টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছিল। কিন্তু খাদ্য বিভাগের নির্ধারিত দামের থেকে বাজারে চালের দাম কেজিপ্রতি কমপক্ষে পাঁচ-সাত টাকা বেশি হওয়ায় চুক্তিবদ্ধ হওয়ার পরও চাল দিতে পারিনি। নোটিশ নিয়ে ভয়ে আছি।’চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে জেলা খাদ্যনিয়ন্ত্রক পরিমল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘মিলের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে যত দূর জেনেছি, তাতে সরকারি ক্রয়মূল্যের থেকে খোলা বাজারে চালের দাম অনেক বেশি। তাই সংগ্রহ অভিযান সফল হয়নি। যেসব মিলের মালিককে কারণ দর্শাতে বলা হয়েছে, তাঁরা জবাব দেওয়ার পর ক্রয়সংক্রান্ত কমিটির সভায় সিদ্ধান্ত হবে তাঁদের বিরুদ্ধে কী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’জেলা ধান-চাল সংগ্রহ অভিযান কমিটির সভাপতি জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আমি কেবল সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করি। তাই মিলারদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনই বলা সম্ভব নয়। সরকার যে সিদ্ধান্ত দেবে আমি তা কেবল বাস্তবায়ন করব।’