বোরো মৌসুমে সমস্যা হলে ভুর্তকিতে ডিজেল দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদ্যুৎ বা জ্বালানি তেলের জন্য কৃষকদের কোনো ধরনের অসুবিধা হবে না। আগামী বোরো মৌসুমে আমরা সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেব। যেখানে বিদ্যুৎ দিতে পারব না, সেখানে আমরা ভুর্তকিতে ডিজেল দেব।’ আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী আজ টানা ৩৫ মিনিটি সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার খাদ্য উৎপাদন বাড়াতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরের মানুষকে বিদ্যুতের কষ্ট দিয়ে হলেও আমরা কৃষকদের সুবিধার জন্য গ্রামে বিদ্যুৎ দিয়েছি। দরকার হলে আগামীতেও তা করা হবে।’বর্তমান সরকারকে ‘কৃষিবান্ধব সরকার’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য উৎপাদন বাড়ানো এবং খাদ্যনিরাপত্তা বাড়ানোই বর্তমান সরকারের মূল লক্ষ্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে সারের অভাব হয়নি। ভবিষ্যতেও সারের অভাব হবে না। কৃষি উৎপাদন বাড়াতে বর্তমান সরকার কৃষকদের সঙ্গে আছে।আফ্রিকায় কৃষিকাজ: সাংসদ শাহরিয়ার আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অন্য দেশে কৃষিকাজ করার বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে। এ জন্য অল্প কিছুদিনের মধ্যে সরকার একটা সুখবর দিতে পারবে। আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রসচিব এ ব্যাপারে কাজ করছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আফ্রিকার অনেক দেশে প্রচুর খালি জমি পড়ে রয়েছে। জমির দামও বেশ কম। সেখানে বাংলাদেশ থেকে কৃষক নিয়ে ফসল উৎপাদন করা সম্ভব। ফসলের একটি ভাগ ওই দেশের সরকারকে দিয়ে বাকিটা বাংলাদেশ নিয়ে আসতে পারব।’সেনা কর্মকর্তা ফাঁসির ঘটনার পুনঃ তদন্ত: সিরাজগঞ্জের সাংসদ চয়ন ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ফাঁসি দেওয়ার ঘটনা পুনঃ তদন্ত ও বিচারের বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।নতুন ১০২১ মেগাওয়াট বিদ্যুৎ: নাটোরের সাংসদ জুনাইদ আহমেদ পলকের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎসংকট দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত এক হাজার ২১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।