নেত্রকোনায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বোরোচাষিদের ভর্তুকি দেওয়া শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি
‘বোরো চাষের জন্য জ্বালানি ও কৃষি উপকরণ বাবদ নগদ সহায়তা’ বা বোরোচাষিদের মধ্যে ভর্তুকি বিতরণ শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। একই সঙ্গে দেশের প্রতিটি কৃষক পরিবারকে উপকরণ-সহায়তা কার্ডও দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন নেত্রকোনার আটপাড়া উপজেলায় এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।কৃষি মন্ত্রণালয়ের সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কোনো একদিন এই কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব ছিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান করার। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা পরিবর্তন করা হয়।সূত্র জানায়, কার্যক্রম উদ্বোধনের পর ভর্তুকির আওতাভুক্ত কৃষকেরা তাঁদের উপকরণ-সহায়তা কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ব্যাংকে মাত্র ১০ টাকা জমা দিয়ে নিজের নামে হিসাব খুলতে পারবেন। সরকার ভর্তুকির টাকা ওই হিসাবে পাঠাবে। পরে সংশ্লিষ্ট কৃষকেরা নিজ নিজ নামের উপকরণ-সহায়তা কার্ড দেখিয়ে সেখান থেকে টাকা তুলবেন। এ বছর মোট ৮৪ লাখ ৫১ হাজার ৪৯৪ জন বোরোচাষিকে মোট ৭৪৮ কোটি ৭১ লাখ টাকা ভর্তুকি দেওয়া হবে। এ জন্য বোরোচাষিদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি—যাঁদের জমির পরিমাণ আধা একরের কম থেকে সর্বোচ্চ আড়াই একর পর্যন্ত। দ্বিতীয় ভাগে রয়েছেন আড়াই থেকে সাড়ে সাত একরের মধ্যে জমি থাকা চাষিরা। প্রথম শ্রেণীভুক্ত মোট বোরোচাষি চিহ্নিত করা হয়েছে ৮৩ লাখ ৭২ হাজার ৫৮১ জন। তাঁদের প্রত্যেককে ভর্তুকি বাবদ ৮০০ টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীভুক্ত সাত লাখ ৮৯ হাজার ১৩ জন চাষির প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হবে। তবে এ জন্য কোন কৃষক কতটুকু জমিতে বোরো চাষ করছেন, তা দেখা হবে না। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর মোট এক কোটি ৮২ লাখ কৃষক পরিবারকে ‘কৃষি উপকরণ-সহায়তা কার্ড’ দেওয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাঈদ আলী প্রথম আলোকে বলেন, উপকরণ-সহায়তা কার্ড ছাপিয়ে সব তথ্য লিখে প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যে এগুলোর বিতরণ সম্পন্ন করা যাবে।জানা গেছে, ইতিমধ্যে কোনো কোনো এলাকায় কিছু কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্ডে কৃষক পরিবারের নাম-ঠিকানা ছাড়াও জমিজমা, কৃষিকাজ, সরকার থেকে প্রাপ্ত উপকরণ-সহায়তা ও ভর্তুকিসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি সন্নিবেশ করার ব্যবস্থা রাখা হয়েছে। এই কার্ডকে ভিত্তি ধরে দেশের কৃষককুল, কৃষিজমি, ফসলের বৈচিত্র্য, ফলনের পরিমাণ প্রভৃতি তথ্যের একটি জাতীয় ভান্ডার (ন্যাশনাল ডেটাবেইস) গড়ে তোলা হবে।কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রগুলো জানায়, এ বছর সারা দেশে মোট ৪৮ লাখ হেক্টর (এক কোটি ১৮ লাখ ৫৬ হাজার একর) জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৮৭ লাখ মেট্রিক টন। এই চাষাবাদের জন্য সেচযন্ত্র ব্যবহূত হবে প্রায় ১৫ লাখ। এর মধ্যে আড়াই লাখে বিদ্যুত্ সংযোগ থাকবে। এ জন্য প্রতিদিন প্রায় এক হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুত্ দিতে হবে। বাকি সাড়ে ১২ লাখ সেচযন্ত্রের জন্য পুরো মৌসুমে ডিজেল দরকার হবে প্রায় ১০০ কোটি লিটার। এ বছর বোরো চাষে প্রায় ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়াসহ মোট সার লাগবে প্রায় ১৯ লাখ মেট্রিক টন।