বোর্ড অব গভর্নরস সম্মাননা পাচ্ছেন হ্যারিসন ফোর্ড
আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফারস আয়োজিত ২৬তম এএসসি আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ইন হলিউড আসর থেকে বোর্ড অব গভর্নরস পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ড। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পুরস্কার তুলে দেওয়া হবে ৬৯ বছর বয়সী এই তারকার হাতে।চলচ্চিত্রশিল্পের শৈল্পিক ও কারিগরি উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মানজনক এই পুরস্কারটি দেওয়া হয়। এর আগে এই সম্মাননা পেয়েছেন স্টিভেন স্পিলবার্গ, মার্টিন স্করসেসে, ফ্রান্সিস ফোর্ড কপোলা, জুলিয়া রবার্টস, ওয়ারেন বেটি এবং স্যালি ফিল্ড।মার্কিন অভিনেতা ও প্রযোজক হ্যারিসন ফোর্ড ১৯৪২ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে মুক্তি পায় ফোর্ড অভিনীত প্রথম ছবি ‘ডেড হিট অন এ মেরি-গো-রাউন্ড’। পরে ‘স্টার ওয়ারস’ এবং ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের ছবিতে অনবদ্য অভিনয় তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। বাফটা, গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ‘উইটনেস’ ছবির জন্য অস্কার মনোনয়নও পেয়েছিলেন হ্যারিসন ফোর্ড। সর্বশেষ ২০১১ সালে তিনি ‘কাউবয়েজ অ্যান্ড এলিয়েন্স’ ছবিতে অভিনয় করেছেন।