বোর্ডে প্রথম ও দ্বিতীয় দুটিই রংপুরের কলেজ
দিনাজপুর বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় রংপুর ক্যাডেট কলেজ প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ ছাড়া বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রংপুর সরকারি কলেজ পঞ্চম, পুলিশ লাইন স্কুল ও কলেজ ১২তম, সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজ ১৫তম এবং কালেক্টরেট স্কুল ও কলেজ ২০তম স্থান অধিকার করেছে। দিনাজপুর বোর্ডে রংপুর এ বছর গত বছরের চেয়ে ভালো ফলাফল করেছে। শহরের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশের হারও সন্তোষজনক। ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০৪ জন, পুলিশ লাইন স্কুল ও কলেজ থেকে ৩০ জন, কালেক্টরেট স্কুল ও কলেজ থেকে ২৫ জন এবং বেগম রোকেয়া মহিলা কলেজ থেকে ছয়জন জিপিএ-৫ পেয়েছেন। রংপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, নিয়মশৃঙ্খলা ও নিয়মিত পরীক্ষা নিয়ে এখানকার মেধা যাচাই করা হয়। ফল বের হওয়ার পর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে গিয়ে দেখা যায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ উল্লাস। অধ্যক্ষ কর্নেল সরদার হাসান কবির জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মুখে নিজ হাতে মিষ্টি তুলে খাওয়ান। পুরো কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ। কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে মেধা যাছাই করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার দিকে কঠোর নজর রাখা হয়েছে। অভিভাবকরাও যাতে সন্তানদের লেখাপড়ার খোঁজখবর রাখেন সে ব্যাপারে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক চেষ্টার ফলেই এরকম ভালো ফলাফল সম্ভব হয়েছে। কলেজের কৃতী শিক্ষার্থী জাওয়াত সাদিক বলেন, নিয়মিত পড়ার চাপ থাকায় এমন ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। সঙ্গে ছিল শিক্ষকদের আন্তরিক যত্ন। তারা আমাদের অভিভাবকদের সঙ্গেও পড়াশোনার বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা করতেন। আমরা শিক্ষার্থীরাও নিজের মধ্যে পড়াশোনার বিষয়গুলো আদান-প্রদান করতাম।