বোলিং কোচের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড
ত্রিদেশীয় আইডিয়া কাপে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। বাংলাদেশের বিমানে চড়ার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলে একজন বোলিং ও ফিল্ডিং কোচের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, তাঁর দাবি তিনি জানিয়ে রাখলেন, বোলিং-ফিল্ডিং কোচ নিয়োগ করা-না করা সম্পূর্ণ ভারতীয় বোর্ডের ‘প্রশাসনিক ব্যাপার’। ভারতীয় দল যখন ঢাকায় পৌঁছে গেছে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড দলের জন্য একজন বোলিং কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, সহকারী কোচের অভাবে সব টেকনিক্যাল দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে কোচ গ্যারি কারস্টেনের ওপর অত্যধিক কাজের চাপ পড়েছে। তা ছাড়া বিশেষজ্ঞ কোচের অভাবে ভারতীয় ক্রিকেট দলের পরফরম্যান্সেও প্রভাব পড়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী হোম সিরিজেই একজন বিশেষজ্ঞ বোলিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে। এর আগে ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট দলে একজন বোলিং কোচের প্রয়োজনীয়তা প্রথম অনুভব করে বোর্ড। সে সময় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার এমআরএফ পেস ফাউন্ডেশনের কোচ টি শেখরকে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন। কিন্তু বোর্ড সেই মতামত উপেক্ষা করে টি শেখর এআরএফের সঙ্গে জড়িত থাকার কারণে। টি শেখরের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফানি ডি ভিলিয়ার্সের নামও এ তালিকায় ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের সাবেক পেস তারকা ভেঙ্কটেশ প্রসাদকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এরপর এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর ভেঙ্কটেশ প্রসাদকে এ পদ থেকে বরখাস্ত করা হয় গত অক্টোবরে।এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, কোচ গ্যারি কারস্টেন তাঁর সহযোগী হিসেবে পেতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিডস্টার অ্যালান ডোনাল্ডকে। তবে এসব চাহিদা-চিন্তাভাবনা এখনো একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। বাংলাদেশ সফর শেষে ভারতীয় ক্রিকেট দল দেশে ফেরার পরপরই বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া।