বোস কেবিনের সকাল বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের অনেকেই আর কিছু না হোক, অন্তত এক কাপ চা পান করতে ছুটে আসেন বোস কেবিনে। এর সঙ্গে ফাও হিসেবে মেলে কিছুক্ষণের আড্ডা। অনেকে আসেন শুধু আড্ডা দিতে। আড্ডা চলে দুই পর্বে। প্রথম দফা সকালজুড়ে, আর দ্বিতীয় দফা বিকেল থেকে রাত অবধি। দূর-দূরান্ত থেকে যাঁরা আসেন, তাঁদের টেনে আনে বোস কেবিনের কাটলেটসহ নানা পদের খাবার।এখানে যাঁরা নিয়মিত আসেন, তাঁদের বেশির ভাগই পুরোনো খদ্দের। নতুনদের আগমন ঠিক সে রকম নয়। এখানকার নিয়মিত খদ্দেরদের মধ্যে আছেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক, নায়ক, শিক্ষক, শ্রমিকনেতা থেকে শুরু করে রাজনীতিবিদেরাও।নারায়ণগঞ্জ শহরের গর্ব আর ঐতিহ্যের তালিকায় শীর্ষ এক নাম বোস কেবিন। ১৯২১ সালে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকার ৯ নম্বর সনাতন পাল লেন এলাকায় একটি টংঘরে বোস কেবিনের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা নৃপেণ চন্দ্র বসু। তিনি ভুলুবাবু নামেই বেশি পরিচিত। তাঁর পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের ষোলঘর গ্রামে। যখন বোস কেবিন চালু করেন, তখন তাঁর বয়স ছিল ২০ বছর।শুরুর পর বোস কেবিন চা-নাশতার জন্য জনপ্রিয় হতে থাকে। ছোট টংঘর থেকে বোস কেবিন হয়ে ওঠে সাজানো-গোছানো একটি পরিপূর্ণ রেস্তোরাঁ। সাধারণ চা, লাঠি বিস্কুট আর বাটার টোস্ট দিয়ে এর সূচনা হলেও পরে চিকেন ও মাটন কাটলেট, সন্দেশ, শিঙাড়া, লাচ্ছি, আলুর চপ, সাদা ও স্পেশাল পোলাও, মোরগ পোলাও, রেজালা, কারি, পরোটা, ডিমের ওমলেট, ডাল, ভাজি, হালুয়াসহ আরও নানা রকম খাবার যুক্ত হয় বোস কেবিনের মেন্যুতে। ১৯৪০-৪২ সালে এর কলেবর বাড়তে থাকে। ইতিমধ্যে ভুলুবাবুর তিন ছেলে রবি, রথী ও খোকন বসুও ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। বাবার শেষ বয়সে রবি বসুই বোস কেবিনের হাল ধরেন। রথী বসু জাতীয় দলের ফুটবল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা পান। একপর্যায়ে রথী ও খোকন বসু ভারতের পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রবি বসু দেশে থেকে বোস কেবিন চালাতে থাকেন। ১৯৯৯ সালে তাঁর মৃত্যু হলে তাঁর একমাত্র ছেলে তারক চন্দ্র বসু ওরফে বোম্বাই সেই দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি জানালেন, এখনো চেষ্টা করছেন শহরের সেরা চা পরিবেশনের। বোস কেবিনে এখনো আগের মতোই মেলে ডিমের ছয় রকমের পদ। সব পদ তৈরিতেই স্বাদের দিকে নজর রাখা হয় বলে তিনি জানান।বোস কেবিনের সঙ্গে বিখ্যাত সব মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় বোস কেবিনের আড্ডা থেকে বিপ্লবী কর্মী সংগ্রহ করা হতো। ১৯৩১ সালে গোয়ালন্দ থেকে স্টিমারে চড়ে নারায়ণগঞ্জ নদীবন্দরে এসে নামলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায় নারায়ণগঞ্জ থানায়। এ খবর পেয়ে বোস কেবিনের স্বত্বাধিকারী ও স্বাধীনতাকামী ভুলুবাবু কড়া ও হালকা লিকারের দুই কেটলি চা বানিয়ে ছুটলেন থানার দিকে। কারণ, তিনি আগে থেকেই জানতেন, সুভাষ বসু চা খুব ভালোবাসতেন। বোস কেবিনের চা পান করে ভুলুবাবুকে তিনি আশীর্বাদ করে বললেন, ‘জীবনে এমন তৃপ্তিকর চা খুব কম খেয়েছি। আমার মনে হয়, আপনার ব্যবসার দ্রুত প্রসার ঘটবে, অনেক দিন টিকে থাকবে এর খ্যাতি।’ নেতাজির সেই ভবিষ্যদ্বাণী বিফলে যায়নি। ভুলুবাবুর চায়ের সুখ্যাতি ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ে। অবশ্য এর বিশেষ কারণও ছিল। রঙের জন্য সে চা আসত আসাম থেকে। দুই রকম চায়ের সুষম মিশ্রণে তৈরি হতো এক অসাধারণ চা, যা পান করে তৃপ্তিতে ভরে ওঠেননি এমন চাপ্রেমী কমই আছেন।পাকিস্তান জন্মের প্রথম দশকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হকের মতো নেতারা প্রায়ই নারায়ণগঞ্জে যাতায়াত করতেন। বোস কেবিনের বিখ্যাত চা, কাটলেট কিংবা বাটার টোস্ট না খেয়ে তাঁরা কখনো ফিরতেন না।গবেষক রুমন রেজা জানালেন, এই উপমহাদেশের অনেক বরেণ্য ব্যক্তিত্ব এসেছেন বোস কেবিনে। এখনো সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ ভিড় করেন এখানে। চায়ের টেবিলে ওঠে আলোচনার ঝড়। চা পানের টানেও শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখনো আসেন বোস কেবিনে। বোস কেবিন সামাজিক যোগাযোগেরও একটি কেন্দ্র। এই যোগাযোগ রক্ষার জন্যও অনেকে নিয়মিত আসেন এখানে।এখন বোস কেবিনের খাবারের মেন্যুতে আগের মতো অনেক পদের দেখা না মিললেও আছে পুরোনো অনেক কিছুই। বোস কেবিনের কাটলেটের কথা ঢাকা শহরের অনেকের মুখেই শোনা যায়। কেউ কেউ শুধু কাটলেট খেতেই ঢাকা থেকে ছুটে আসেন এখানে। এ ছাড়া দেশের নানা প্রান্তের ভোজনবিলাসীদের দেখা মেলে বোস কেবিনে। কোনো কারণে নারায়ণগঞ্জ শহরে এলে এখানে একবার ‘ঢুঁ’ মারা চাই তাঁদের। এখানকার কড়া লিকারের চা, আলুর চপ, সাদা পোলাও, পরোটা, ডাল, ভাজি কিংবা ডিমের ওমলেটের জিবে জল আনা স্বাদ বজায় আছে এখনো। আর সকাল-বিকেলের আড্ডা রয়ে গেছে আগের মতোই। তবে তরুণ নয়, আড্ডার বেশির ভাগই পুরোনো মুখ। বোস কেবিনের আড্ডা কি তবে ফুরিয়ে এল? নতুন প্রজন্মের কাছেই মিলবে এর জবাব।