বোস্টন হামলায় ব্যবহৃত বোমার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতায় বোমা হামলার ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।এফবিআইয়ের বিশেষ কর্মকর্তা রিচার্ড ডেসলরিয়ার্স গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থল থেকে নাইলনের টুকরো, বিয়ারিংয়ের বল ও পেরেকের টুকরো উদ্ধার করা হয়েছে। এগুলো দেখে ধারণা করা হচ্ছে এগুলো প্রেশারকুকারের যন্ত্রাংশ হতে পারে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পিঠে ঝোলানো একটি ব্যাগের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে।রিচার্ড জানান, উদ্ধার হওয়া নমুনা ভার্জিনিয়ায় এফবিআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা টুকরোগুলো জোড়া লাগিয়ে বোঝার চেষ্টা করবেন বোমাটি কী দিয়ে তৈরি করা হয়েছে। তিনি বলেন, তদন্তকাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।জনসাধারণের কারও কাছে কোনো তথ্য থাকলে তা এফবিআইকে জানাতে অনুরোধ জানান রিচার্ড। তিনি বলেন, ‘কেউ না কেউ জানে, এটা কার কাজ।’ এ ছাড়া জনসাধারণের কাছে কোনো ছবি অথবা ভিডিওচিত্র থাকলে তা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।এদিকে বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে তদন্ত থেকে পাওয়া সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত বোমাটি একটি প্রেশারকুকারের মধ্যে রাখা ছিল। প্রেশারকুকারটি কালো ব্যাগে করে ঘটনাস্থলে এনে রাখা হয়েছিল।গত সোমবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতায় পর পর দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন। এ ছাড়া আহত হন শতাধিক ব্যক্তি। তাঁদের অনেকের অবস্থা গুরুতর বলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে গতকাল রাতে প্রার্থনা করেছেন বোস্টনবাসী। তাঁদের স্মরণে আয়োজিত শোকসভায় অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার বোস্টন যাবেন প্রেসিডেন্ট বারাক ওবামা।