বোস্টন হামলায় দুই ছেলেকে ফাঁদে ফেলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলায় সারনায়েভ ভাইদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁদের বাবা আনজোর সারনায়েভ ও মা জুবেইদাত সারনায়েভ। তাঁরা বলেছেন, তাঁদের ছেলেরা এমন কাজ করতেই পারেন না। রাশিয়ার মাখাচকালা এলাকা থেকে টেলিফোনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং রাশিয়া টুডেকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তাঁরা এসব কথা বলেন। তবে আনজোর সারনায়েভ এ-ও স্বীকার করেন, জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে তাঁর বড় ছেলে তামেরলানকে দুই বছর আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জিজ্ঞাসাবাদ করেছিল। ওই সময় তিনি ম্যাসাচুসেটসের কেমব্রিজের বাসভবনে ছিলেন। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন রাশিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তামেরলানের মা জুবেইদাত সারনায়েভ বলেন, তামেরলানের ওপর নজরদারি করত এফবিআই। তাঁকে অন্তত তিন বছর নজরদারিতে রাখে এফবিআই। জুবেইদাতের বিশ্বাস, তাঁর ছেলেরা নির্দোষ। তাঁদের ফাঁদে ফেলা হয়েছে। তামেরলানের বাবা আনজোর বলেন, ‘২০১১ সালে যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কয়েকজন সদস্য আমাদের কেমব্রিজের ৪১০ নম্বর নরফোক স্ট্রিটের বাসায় গিয়েছিলেন। তখন আমি বাসায় ছিলাম। এফবিআইয়ের সদস্যরা আমার বড় ছেলে তামেরলানকে (২৬) জিজ্ঞাসাবাদ করেছিলেন।’আনজোর জানান, এফবিআইয়ের সদস্যরা তামেরলানকে বলেন, ‘আমরা জানি, তুমি কোন কোন ওয়েবসাইট ব্যবহার করো। কাদের সঙ্গে ফোনে কখন কথা বলো। তোমার সম্পর্কে আমরা সবই জানি। সবই।’ তিনি আরও জানান, এফবিআইয়ের সদস্যরা তখন বলেছিলেন, তামেরলান কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত সোমবার বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ওই বোমা হামলায় তিনজন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। তামেরলান ও তাঁর ছোট ভাই জোখার সারনায়েভ (১৯) এ হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। তামেরলান গত বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হন। গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন জোখার। পরে তাঁকে গ্রেপ্তার করে বোস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বোস্টন হামলায় তামেরলান ও জোখারের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বাবা আনজোর বলেন, ‘আমি জানতাম, আমার ছেলেরা কোথায় যেত, কী করত। আমি তাদের সঠিক পথে পরিচালনা করেছি। ওরা এ ধরনের হামলা পরিচালনা করার মতো কোনো কাজ করতে পারে না। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’ আনজোর বলেন, তামেরলান গত বছর কয়েক মাসের জন্য মাখাচকালায় বেড়াতে এসেছিলেন। দাগেস্তানে থাকার সময় ইসলামি চরমপন্থীদের সঙ্গে তামেরলানের কোনো যোগাযোগ গড়ে উঠেছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই ওঠে না।আনজোর বলেন, ‘আমার বড় ছেলে তামেরলান ক্যাথেরিন নামের মার্কিন এক নারীকে বিয়ে করেছে। এই দম্পতির একটি সন্তান রয়েছে।’ তাঁর দুই ছেলে ইসলামি চরমপন্থী হয়ে উঠেছিলেন—এমন অভিযোগ অস্বীকার করে আনজোর বলেন, ‘আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। এই তো। এটা সব মুসলমানের জন্যই ফরজ।’ আনজোর আরও বলেন, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। এ কারণে এক বছর আগে তিনি ও তাঁর স্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দাগেস্তানে ফিরে আসেন।তবে চেচেন বংশোদ্ভূত সারনায়েভ ভাইদের সম্পর্কে ইন্টারনেটে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য অনুযায়ী, তামেরলান ইসলামি চরমপন্থীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। পাঁচ মাস আগে তিনি ইউটিউব ওয়েবসাইটে ‘টেররিস্টস’ নামের একটি চ্যানেল তৈরি করেন বলে ধারণা করা হয়। ওয়াল স্ট্রিট জার্নাল, রাশিয়া টুডে টিভি।