বোস্টনে বোমা হামলার পর এফবিআইয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বোস্টনে বোমা হামলায় তিনজন মারা যাওয়ার পর এবং এক সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) যোগাযোগের বিষয়টি প্রকাশ হওয়ার পর, তীব্র সমালোচনার মুখে পড়েছে এফবিআই। দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণে বলা হয়, সংস্থাটি আরও সক্রিয় হলে বোমা হামলা ঠেকানো যেত কি না, সেটিই এখন মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তারা স্বীকার করেছেন, এক বিদেশি সরকারের অনুরোধে তাঁরা ২০১১ সালে সন্দেহভাজন তামের্লান সার্নায়েভকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সম্ভবত অনুরোধকারী দেশটি রাশিয়া। সার্নায়েভকে একজন মৌলবাদী মুসলমান হিসেবে সন্দেহ করা হতো। এফবিআই বলছে, সে সময় তারা সার্নায়েভের কোনো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ হদিস পায়নি এবং এ কারণে পরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি।২৬ বছর বয়সী সার্নায়েভ গত বছর ছয় মাসের জন্য রাশিয়া সফর করেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছেন এফবিআইয়ের কর্মকর্তারা। সফরের সময় সার্নায়েভ তাঁর বাবার সঙ্গে দাগেস্তানে অবস্থান করেছিলেন, তবে এ সময় তিনি চেচনিয়ায় তাঁর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গত শুক্রবার পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে মারা যান তামের্লান সার্নায়েভ। বোমা হামলার সঙ্গে জড়িত এমন দ্বিতীয় সন্দেহভাজন হলেন তামের্লানের ভাই জোখার সার্নায়েভ। গতকাল শনিবার পুলিশ তাঁকে আটক করে।সন্দেহভাজন জোখারকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা। তবে হাসপাতালে বন্দী জোখারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করতে পারছেন না। জোখারকে শুক্রবার দিবাগত রাতে বেথ ইসরায়েল ডিকোনেস চিকিত্সাকেন্দ্রে নেওয়া হয়। সেদিন সকালে ওই হাসপাতালেই পুলিশের গুলিতে আহত তামের্লানকে ভর্তি করানো হয়েছিল, তবে তিনি কয়েক ঘণ্টা পরে মারা যান। ম্যাসাচুসেটসের গভর্নর ডেভাল প্যাট্রিক গতকাল জানিয়েছিলেন, জোখারের অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল। অবস্থার উন্নতি না হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সার্নায়েভ ভাইদের এর আগেই এফবিআই সন্দেহ করেছিল, এমন কথা যখন আকাশে-বাতাসে, তখন তাঁদের মা জুবাইদাত সার্নায়েভা বলছেন, তাঁর সন্তানেরা নির্দোষ। ‘রাশিয়া টুডে’কে গত শুক্রবার সকালে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, এর আগে এফবিআই অনেকবার তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছে। জুবাইদাত একজন মার্কিন বংশোদ্ভূত। তবে তিনি এখন দাগেস্তানে তাঁর স্বামীসহ অবস্থান করছেন।জুবাইদাত বলেন, ‘তারা আমাকে বলেছিল, তামের্লান সত্যিই একজন জঙ্গিনেতা এবং তারা তাঁকে সন্দেহ করছে। তারা আমাকে বলেছিল যে, তাঁর (তামের্লান) কাছে যেসব তথ্য থাকে, তা আসে জঙ্গিদের কাছ থেকে।’ তিনি বলেন, এফবিআই তাঁর ছেলেকে ‘পদে পদে’ অনুসরণ করেছে এবং তিন থেকে পাঁচ বছর ধরে তাঁকে চালিত করেছে। তবে জুবাইদাত কোনো নির্দিষ্ট তারিখের কথা জানাননি।ঘটনার পর মার্কিন কংগ্রেসের সদস্যদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এফবিআই কেন তামের্লান সার্নায়েভের সঙ্গে যোগাযোগ রক্ষা করল না। এফবিআই আর কী করতে পারত, এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য পিটার কিং ‘নিউজডে’ পত্রিকাকে নিউইয়র্ক থেকে বলেন, ‘তারা (এফবিআই) কি তাঁকে (তামের্লান) খুব দ্রুত (সন্দেহমুক্ত বলে) ছেড়ে দিয়েছিল? তাদের কি আরও একটু খতিয়ে দেখা উচিত ছিল না?’এফবিআইয়ের তৎপরতাএফবিআই গত শুক্রবার দুজন পুরুষ ও এক নারীকে ম্যাসাচুসেটসের নিউ বেডফোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে। জোখার সার্নায়েভের সঙ্গে তাঁদের সম্পর্ক কী ছিল, তা নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।গোয়েন্দারা জোখারকে যেসব প্রশ্ন করবেন, তার অধিকাংশই হবে তাঁর ভাই তামের্লান সম্পর্কিত। এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এক ভিনদেশি সরকার তাদের জানিয়েছিল, তামের্লান ‘ইসলামের গোঁড়া’ অনুসারী এবং ২০১০ সালের পর তিনি অনেক বদলে যান। যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেশের বিভিন্ন স্থানে তিনি গোপন দলগুলোর সঙ্গে সাক্ষাত্ করেন।সন্ত্রাসী কাজের তথ্য নেইবিদেশি সরকারের অনুরোধে এফবিআই বিভিন্ন মানুষ, আন্দোলন ও শিক্ষা সম্পর্কে তামের্রানের টেলিফোন ও অনলাইনের তথ্য সংগ্রহ করে। গোয়েন্দারা তাঁর ও তাঁর আত্মীয়দের সাক্ষাত্কারও নেন। কিন্তু গোয়েন্দারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তামের্লানের যোগসূত্র খুঁজে পাননি। পরে এ ফলাফল তারা ওই বিদেশি সরকারের কাছে হস্তান্তর করে।যুক্তরাষ্ট্রের ভ্রমণ তথ্য ঘেঁটে জানা গেছে, তামের্লান ২০১২ সালের ১২ জানুয়ারি মস্কোর সেরেমেত্ইয়েভো বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরেন সে বছরেরই ১৭ জুলাই। তিনি ওই গ্রীষ্মকালটি দাগেস্তানের মাখাচকালা এলাকায় কাটান। তামের্লানের মা-বাবা যে এলাকায় থাকেন, সেটির এক দোকানদার লারিসা আবাকারোভা বলেন, ‘তখন তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাঁর (তামের্লান) পায়ে ছিল মার্কিন জুতা। বেশ কেতাদুরস্ত, দয়ালু ও সৌম্য ছিল সে। এখন আমি ভাবতেই পারছি না।’তামের্লানের মা-বাবার পরিবারের এক প্রতিবেশী ইয়াচেস্লাভ কাজাকেভিচ বলেন, তামের্লানের মা-বাবা দাগেস্তান ও চেচনিয়ায় প্রায়ই যেতেন। সেসব জায়গায় তাঁদের আত্মীয়-সজ্জনেরা থাকেন। তিনি বলেন, তামের্লান সে সময় চেচনিয়ায় গিয়েছিলেন। ‘তাঁদের সবাই সেখানেই থাকেন। ওদের সঙ্গে বিদ্রোহী বা ওহাবিদের কোন সম্পর্ক নেই।’‘রাশিয়া টুডে’কে দেওয়া সাক্ষাত্কারে জুবাইদাত সার্নায়েভা দাবি করেছেন, এফবিআই তাঁর ছেলেকে সাজানো অপরাধে ঢুকিয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দারা জুবাইদাত ও তাঁর স্বামীকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো ঘটনা পরিষ্কার হচ্ছে না।