বোহেমিয়ান মগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম বাস্কেটবল পরিবারে। ভালোবাসা তাঁর ফুটবল। নামটাও তাঁর বিচিত্র—জেমস সাঈদ মগা। মুক্তিযোদ্ধার সুদানি স্ট্রাইকারের গল্প শুনিয়েছেন খলিলুর রহমানআমার জীবনে কোনো স্মরণীয় ঘটনা বা মুহূর্ত নেই। আমার জীবন খুব সাদাসিধে।’ পায়ের যে কারুকাজ, সঙ্গে রোমাঞ্চকর এক-দুইটা ঘটনা থাকলে গল্পটা জমত ভালো। কিন্তু প্রথমেই এমন কথায় আশাটা না দমে গিয়ে উপায় কী! দীর্ঘ আলাপচারিতায় একটু একটু করে জানা গেল তাঁর ফুটবলার হয়ে ওঠা এবং ফুটবলার জীবনের কাহিনি।বলা হচ্ছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বিদেশি আমদানি জেমস মগার কথা। বাড়ি আফ্রিকার দেশ সুদানে। আরও স্পষ্ট করে বললে দক্ষিণ সুদানে। পুরো নাম জেমস জোসেফ সাঈদ মগা। গত সেপ্টেম্বরে মাত্র এসেছেন, লম্বা দুখানা পায়ের জাদু দিয়ে এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন আলাদাভাবে। প্রতিপক্ষের জালটা তাঁর খুব ভালো করে চেনা। মগা মানেই যেন গোল! সেপ্টেম্বরে এসে ফেডারেশন কাপ খেলেই ফিরে যান দেশে। পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবার যখন ফেরেন, তত দিনে বাংলাদেশ লিগে ৬টি ম্যাচ খেলে ফেলেছে তাঁর দল মুক্তিযোদ্ধা। মগা এসেই পাল্টে দিয়েছেন দলের চেহারা। মাঠে নেমেই মগা করছেন গোল, একের পর এক জয় এনে দিচ্ছেন মুক্তিযোদ্ধাকেও। আসার পর খেলা প্রথম ৮ ম্যাচেই করেছেন ১৩ গোল! স্বাধীনতা কাপেও সর্বোচ্চ গোল ছিল তাঁর। বলতে পারেন গোলের নিপুণ কারিগর! অথচ তাঁর কিন্তু ফুটবলে আসারই কথা ছিল না! মগা যতই বলুন, তাঁর জীবনে বলার মতো অস্বাভাবিক বা অসাধারণ কোনো ঘটনা নেই, কিন্তু পরিবারের ঐতিহ্য বিবেচনায় তাঁর ফুটবলে আসাটাই দারুণ ঘটনা। বাবা জোসেফ ছিলেন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। বাবাকে অনুসরণ করে বড় পাঁচ ভাইও বেছে নেন বাস্কেটবল। পরিবারটাই যেন একটা বাস্কেটবল টিম! এমন এক পরিবারের সদস্য হিসেবে তাঁরও বাস্কেটবল খেলাটাই ছিল স্বাভাবিক! কিন্তু বিধাতা যে মগার নিয়তি লিখেছেন অন্যভাবে। বাড়ির বাইরের পরিবেশটা ছিল ফুটবলময়। মগাদের এলাকার অধিকাংশ ছেলেই খেলত ফুটবল। তাদের দেখে ছোট্ট মগাও মজে যায় ফুটবলে। নিজের তীব্র ইচ্ছার সঙ্গে মেলে বাবার সমর্থন। মগাকে আর ঠেকায় কে! পরিবারের ঐতিহ্যের প্রবাহ যে একেবারেই তাঁর রক্তে প্রবাহিত হয়নি তা নয়। বাস্কেটবলটাও ভালোই খেলতে পারেন। কিন্তু ফুটবলই তাঁর জীবন। ফুটবলের টানেই তিনি ঘরছাড়া, দেশছাড়া। আরব আমিরাত, ওমান হয়ে এখন বাংলাদেশে।ছয়-সাত বছর বয়স থেকেই ফুটবল মাঠে যাতায়াত। পেশাদার ফুটবলের যাত্রা শুরু ১৬ বছর বয়সে, সুদানের ক্লাব বেত আল মালের হয়ে। এক বছর পরই মগা পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের ক্লাব বানিইয়াস স্পোর্ট ক্লাবে। এর পর থেকেই তাঁর সুদান-আবুধাবি-সুদান ঘোরাফেরা। সুদান জাতীয় দলের পাশাপাশি খেলেছেন সুদানের অন্যতম বড় ক্লাব আল হিলাল ওমদুরমানে। তবে বাংলাদেশ মগার মাথায় ঢোকে মাসকাটে খেলার সময়। বাংলাদেশ নামটি তাঁর মাথায় ঢুকিয়ে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জোরান জর্জেভিচ। এই সার্বিয়ান দীর্ঘদিন কোচিং করিয়েছেন আবুধাবি, ওমানের বিভিন্ন ক্লাবে। সেখান থেকেই মগার সঙ্গে তাঁর পরিচয়। তাঁর হাত ধরেই মগা বাংলাদেশে।মুক্তিযোদ্ধার সঙ্গে তাঁর চুক্তিটা এক মৌসুমের। মানে প্রায় শেষের দিকে। তাহলে কি শেষ হয়ে এল জেমস মগার বাংলাদেশ অধ্যায়ও? দীর্ঘদেহী এই সুদানি ওসব নিয়ে এখন ভাবছেন না। বললেন, ‘এই মুহূর্তে আমার একটাই চিন্তা, বেশি বেশি গোল করা, দলকে লিগ চ্যাম্পিয়ন করা।’মগার চাওয়া পূরণ হতেই পারে। শিরোপা জয়ের দৌড়ে তাঁর দল আছে ওপরের দিকেই। কিন্তু তাতেও ফুটবল-বোহেমিয়ান মগার বাংলাদেশ অধ্যায়টা দীর্ঘায়িত হবে বলে মনে হয় না! জানালেন, অনেক প্রস্তাবই আছে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাববেন মৌসুম শেষ হওয়ার পর। মৌসুম শেষেই গন্তব্য হতে পারে আরবগামী বিমান। এর কারণ ব্যক্তি জীবন। আরব দেশ বলে জন্মভূমি সুদান আর আবুধাবি কিংবা ওমানের মধ্যে তেমন পার্থক্য নেই। পরিবেশ, সংস্কৃতি, ভাষা সবই প্রায় এক। আবুধাবি, ওমানে তাই স্ত্রী-সন্তান নিয়ে থেকেছেন। কিন্তু গত বছর যখন ওমান থেকে মগা বাংলাদেশে আসেন, যমজ সন্তানসহ সুদান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তুলে দেন সুদানগামী বিমানে।দেশ হিসেবে পছন্দ হলেও মগা বললেন, বাংলাদেশে তাঁর জীবনটা কঠিন মনে হয়। ম্যাচ, প্র্যাকটিস বাদে বেশির ভাগ সময়ই কাটে তালাবদ্ধ রুমে বসে। ভাষা সমস্যাই প্রধান কারণ। নইলে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কটা ভালো। বললেন, ‘দারুণ একটি দল পেয়েছি। দলটিতে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। কোচ, ক্লাব কর্মকর্তারাও খুবই আন্তরিক।’ এক কথায় ক্লাব মুক্তিযোদ্ধায় তিনি সুখেই আছেন। ক্লাবের সঙ্গে ভালোবেসে ফেলেছেন বাংলাদেশের ফুটবলকেও। এই ক-মাসেই বাংলাদেশ ফুটবলের অনেক কিছুই দেখা হয়ে গেছে ২৭ বছর বয়সী সুদানির।বাংলাদেশের ফুটবলে দেখছেন জাগরণের গান। একটি উল্টো স্রোতও চোখে পড়েছে মগার—রেফারিংয়ের মান খুবই দুর্বল! ‘বাংলাদেশের ফুটবলে বড় সমস্যা রেফারিং। সবাই নন। তবে কিছু কিছু রেফারি এমন সব ভুল সিদ্ধান্ত দেন, যা ফুটবলের চেতনার সঙ্গে যায় না’—সুদূর সুদানে ফেলে আসা স্ত্রী-সন্তানদের সাক্ষাৎ পেতে চঞ্চল হয়ে ওঠা মগার বিশ্লেষণে বাংলাদেশের ফুটবলের দুর্বলতা এটাই।