বোয়ালখালীতে বিএনপির দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজিজুল হক ও ছাত্রদলের কর্মী মো. আজিম হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দোষারোপ করছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ছাত্রদল বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সভা করেছে।গুলিবিদ্ধ হওয়া ওই দুজন বর্তমানে চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। আজিমের অবস্থা গুরুতর বলে জানান চিকিত্সকেরা।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল ওই ইউনিয়নের কেরানীবাজার এলাকায় ইফতার শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ-সমর্থিত আবছার ও আবু তাহেরের সঙ্গে যুবদলের কর্মী কামালের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কামালকে মারধর করেন আওয়ামী লীগের সমর্থকেরা। খবর পেয়ে বিএনপি-যুবদলের শতাধিক নেতা-কর্মী জড়ো হন। উত্তেজিত বিএনপি-সমর্থকেরা আবছার, আবু তাহেরের ঘরে গিয়ে তাঁদের না পেয়ে পরিবারকে হুমকি ও এলাকায় মহড়া দেন।রাত দেড়টার দিকে আজিজুল হক ৮-১০ সমর্থক নিয়ে খরণদ্বীপ উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি দোকানে বসেছিলেন। এ সময় হঠাত্ করে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাঁদের ওপর গুলি ছোড়েন। এতে আজিজুল হকের বাঁ হাতে ও আজিমের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।গুলিবিদ্ধ আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত লোকজন পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাকে গুলি করেছে।’ তিনি দাবি করেন, হামলাকারীদের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে এ ঘটনা ঘটেছে।ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী দাবি করেন, বিএনপির কর্মীরা সশস্ত্র অবস্থায় তাঁদের তিন কর্মীর ঘর ঘেরাও করে হামলা ও ভাঙচুর করেছেন। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে এ ঘটনা ঘটেছে।এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক প্রথম আলোকে বলেন, এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।