বোয়ালমারীতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলতি বছর থেকে শুরু হওয়া অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরম পূরণের ফি বাবদ বিদ্যালয়গুলোয় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেএসসি পরীক্ষায় উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এক হাজার ৯৬১ জন এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ১৭টি মাদ্রাসা থেকে এক হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নেবে। শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে এসব শিক্ষার্থীর কাছ থেকে ওই পরীক্ষার ফি বাবদ দেড় শ টাকা হারে আদায়ের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারি ওই নির্দেশনা না মেনে নিজেদের ইচ্ছামতো শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্তু ফি আদায় করছে। উপজেলা সদরের কামারগ্রামের বাসিন্দা অভিভাবক মো. এনামুল হক বলেন, ‘আমার মেয়ে জর্জ একাডেমির উপবৃত্তি পাওয়া ছাত্রী। জেএসসি পরীক্ষার জন্য তার কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ ৩২০ টাকা ফি নিয়েছে। পরে ওই পরীক্ষা বাবদ আরও টাকা আদায় করা হবে বলে তাকে (শিক্ষার্থী) বিদ্যালয় থেকে জানানো হয়েছে।’ চতুল গ্রামের অভিভাবক মো. নজরুল মোল্লা বলেন, ‘আমার ছোট বোন চতুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার জন্য বোর্ডের পরীক্ষার ফি বাবদ প্রথম দফা এক হাজার এবং পরে ফরম পূরণের জন্য আরও ২০০ টাকা, মোট এক হাজার ২০০ টাকা দিতে হয়েছে। আমরা দরিদ্র কৃষক পরিবার হলেও, আমার বোনকে উপবৃত্তি দেওয়া হয়নি। অথচ গ্রামের অনেক সচ্ছল পরিবারের ছাত্রছাত্রীরা উপবৃত্তি পেয়েছে।’ অপর অভিভাবক একই গ্রামের মোসা. ফরিদা বেগম জানান, তাঁর মেয়ে ওই বিদ্যালয়ের উপবৃত্তি পাওয়া শিক্ষার্থী। কিন্তু জেএসসি পরীক্ষার ফি বাবদ তার কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও চতুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেন জানান, সমিতির সভায় জেএসসি পরীক্ষার ফি আদায়ের বিষয়টি আলোচনা হয়েছিল। নিজ নিজ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়গুলোয় ওই ফি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাঁর বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তিনি স্বীকার করেন। এয়াকুব আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘সমিতিতে ওই ফি সাড়ে ৮০০ টাকা আদায়ের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমার বিদ্যালয়ে আমি উপবৃত্তি প্রাপ্তদের কাছ থেকে ৭০০ টাকা ও অন্যদের কাছ থেকে ৮০০ টাকা হারে ফি আদায় করেছি। এর মধ্যে বোর্ডের নির্ধারিত ফি ছাড়াও বিদ্যালয়ের উন্নয়ন, যাতায়াত-যোগাযোগ ও আনুষঙ্গিক খরচও ধরা হয়েছে।’ বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘আপনি যা শুনেছেন তা ভুল শুনেছেন। আমরা বোর্ডের নির্ধারিত টাকার (১৫০ টাকা) অতিরিক্ত আদায় করিনি।’ বোয়ালমারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সখিনা খাতুন জানান, বেসরকারি বিদ্যালয়গুলো এ খাতে অনেক বেশি অর্থ আদায় করলেও তাঁরা মাত্র সাড়ে ৩০০ টাকা হারে ফি আদায় করেছেন। শিক্ষা বোর্ডে পরীক্ষার কাগজপত্র জমা দিতে কয়েকবার যোগাযোগের জন্য ওই অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। বাইখীর বনচাকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা জেডিসি পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা হারে আদায় করেছি।’সুশাসনের জন্য নাগরিক সুজনের বোয়ালমারী শাখার সদস্যসচিব গাজী শাহিদুজ্জামান বলেন, বোর্ডের নির্ধারিত ফি ছাড়া বিভিন্ন খাত দেখিয়ে বিদ্যালয়গুলো থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ভাগবাটোয়ারার মাধ্যমে আত্মসাৎ করার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা উচিত। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘জেএসসি ও জেডিসি পরীক্ষার ফি বাবদ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ আমার কাছেও এসেছে। আমি কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকেই আমি প্রথম জানলাম। এ ব্যাপারে খোঁজ নিয়ে লিখিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের ডাকা হবে।’ উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘একাধিক অভিভাবক আমাকে ওই পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের বিষয় জানিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর এ ধরনের কার্যক্রম নৈরাজ্যজনক। বিষয়টি খতিয়ে দেখতে আমি শিক্ষা প্রসাশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বলব।’