বোয়ালমারীতে এক মাসে চার খুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাসে (জুলাই) চারটি খুনের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। থানা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সাতৈর ইউনিয়নের সাতৈর-চিতারবাজার ভায়া ডোবরা সড়কের সাতৈর পূর্বপাড়া বিল সংলগ্ন ডোবা থেকে পুলিশ দুই কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এ ঘটনায় জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্তের দায়িত্বও পান ওই কর্মকর্তা। তিনি জানান, গত এক মাসেও লাশের পরিচয় বা স্বজনদের কোনো সন্ধান না পাওয়ায় তদন্ত এগোচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদনে দুই কিশোরকে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ রয়েছে। লাশের পরিচয় না পাওয়ায় আসামি শনাক্ত বা গ্রেপ্তার করা যাচ্ছে না। গত ১৭ জুলাই পরমেশ্বরদী গ্রামের আ. সালাম শরীফের মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সেলিনা বেগমকে (২০) খুন করে বাড়ির পাশের কুমার নদের তীরে লাশ ফেলে রাখে তাঁর স্বামী। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদালতে অভিযোগ দেন। গত ২৯ জুলাই বোয়ালমারী থানা আদালতের নির্দেশে অভিযোগটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। মামলায় গৃহবধূর স্বামী সালথা উপজেলার জয়কাইল গ্রামের মো. টিটুল মৃধাকে (২৪) আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযোগটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করেছি। ১১ আগস্ট নির্বাহী হাকিম শাব্বির ইকবালের উপস্থিতিতে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যাকাণ্ড কি না নিশ্চিত হওয়া যাবে। আসামি পলাতক রয়েছে।’ গত ৩০ জুলাই পুলিশ বানিয়াড়ী গ্রামের কৃষক মো. আকমল শেখের (৪৫) জবাই করা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. রোকেয়া বেগম বাদী হয়ে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, আগের রাতে বেলজানি গ্রামের সেলিম, জিন্নাহ ও সাজেদুর রহমান তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শন (এসআই) সুকুমার দাস বলেন, ‘আসামি সেলিমের সঙ্গে বাদীর পরকীয়ার জের ধরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে বাদীর দিকে সন্দেহের তীর থাকলেও কৌশলগত কারণে তাঁকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। ওই আসামির সঙ্গে বাদীর এখনো মুঠোফোনে যোগাযোগ আছে বলে আমার ধারণা। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।’বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী আহম্মদ বলেন, ‘লাশ শনাক্ত না হওয়াসহ নানা কারণে হত্যা মামলাগুলোর তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আসামি আটকের চেষ্টা করা হলেও পলাতক থাকায় তা সম্ভব হচ্ছে না। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক আহম্মেদ প্রথম আলোকে জানান, দুই কিশোরের জোড়া লাশ উদ্ধারের ঘটনায় আশপাশের থানায় তারবার্তা ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েও লাশ শনাক্ত করা যাচ্ছে না। সব ঘটনার ক্ষেত্রেই পুলিশি তৎপরতা অব্যাহত আছে।