বোয়ালমারীতে কাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আওয়ামী লীগের নেতার দায়ের করা মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল সোমবার বোয়ালমারী পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে বোয়ালমারী পৌর এলাকার দক্ষিণ কামারগ্রাম এবং বোয়ালমারী ইউনিয়নের চালীনগর ও সুতাশী গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য গতকাল শনিবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা সদরের বঙ্গবন্ধু সড়কের একটি দোকানে সালিস ডাকা হয়। সালিসে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মাতুব্বর ও উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এলেম মোল্লা আহত হন। আবদুর রহিম গুরুতর আহত হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তারা মোল্লা বাদী হয়ে রাত ১২টার দিকে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন: উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, তাঁর ছেলে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন ও পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সঞ্জয় কুমার সাহা। বিএনপির নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার বেলা ১১টার দিকে বোয়ালমারী উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করার উদ্যোগ নেয় বিএনপি। সকাল থেকেই উপজেলা সদরের ডাকবাংলো রোডে দলীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়। পরে তাঁরা অবরুদ্ধ অবস্থাতেই প্রতিবাদ সভা করেন। পৌর বিএনপির সভাপতি শেখ আফসারউদ্দীন অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তার করে অযথা হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে উপজেলা বিএনপি আগামীকাল বোয়ালমারী পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সুনির্দিষ্ট মামলায় বিএনপির নেতাদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।