বোয়ালমারীতে গ্রাম্য সালিসে ফতোয়া দোররা মারা ও একঘরে করার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শুকদেবনগর গ্রামের এক কিশোরী স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিসে শরিয়তের বিচারের নামে ফতোয়া দিয়ে কিশোরীকে দোররা মারা হয়েছে। আর ছেলেপক্ষ বিচারে অনুপস্থিত থাকায় তাদের পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কিশোরী অবশ্য ৯ আগস্ট শ্লীলতাহানির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছে। পুলিশ ওই অভিযোগ তদন্ত করে দেখছে।থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের মো. হালিম শেখের ছেলে স্থানীয় শিরগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. শরিফুল হাসান ওরফে শরীফ (১৬) দীর্ঘদিন প্রতিবেশী ওই কিশোরীকে (১৩) উত্ত্যক্ত করে আসছিল। প্রায় দুই মাস আগে শরীফের ভাবি ফাতেমা ওই কিশোরীকে রাতে তাঁর (ফাতেমা) সঙ্গে ঘুমানোর জন্য বাড়ি থেকে ডেকে নেন।কিশোরী অভিযোগ করে, ওই রাতে ভাবির সহযোগিতায় ফাঁকা একটি ঘরে নিয়ে শরীফ তার শ্লীলতাহানি করে। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।সর্বশেষ গত ১৭ জুলাই শুকদেবনগর গ্রামের দক্ষিণপাড়ায় মাতব্বর নুরুল ইসলাম শেখের বাড়িতে এ ব্যাপারে বিচার বসে। সালিস বৈঠকে প্রধান হিসেবে চতুল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান ছাড়াও খরসূতী মাদ্রাসার ধর্মীয় শিক্ষক মওলানা মো. নজরুল ইসলাম, গ্রাম্য মাতব্বর মো. আবু শেখ, মো. সেকেন্দার আলী, মো. ফারুক মোল্লা, কাশেম শেখ, আ. ছাত্তার শেখ, ইছাহাক শেখ, মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। মাতব্বররা জানান, ওই বৈঠকে শরিয়ত অনুযায়ী ফতোয়া দেন মওলানা মো. নজরুল ইসলাম। মাতব্বর মো. নুরুল ইসলাম শেখ বলেন, ‘ফতোয়ায় কিশোরীকে দোররা মারার সিদ্ধান্ত দেওয়া হয়, যা বাস্তবায়ন করেন কিশোরীর বাবা। আর ছেলেপক্ষ বিচারে হাজির না হওয়ায় তাদের পরিবারকে একঘরে করে রাখার রায়ও দেন মওলানা।’ অপর মাতব্বর মো. ইছাহাক শেখ বলেন, ‘শরিয়তের বিচার না মানলে ছেলেপক্ষের কেউ মসজিদে সামনের কাতারে নামাজ পড়তে পারবে না। একেবারে পেছনে দাঁড়াতে পারবে। তাই শরিয়তের বিচার না মানা পর্যন্ত ওই পরিবারকে সমাজে মেশানো হবে না।’কিশোরীর বাবা বলেন, ‘গ্রামে থাকতে হলে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তাই কষ্ট হলেও সালিসের সিদ্ধান্ত মোতাবেক মেয়েকে সবার সামনে ১০টি বেত্রাঘাত করেছি।’কিশোরী বলে, ‘আমি এ ঘটনার বিচার চাই।’ শরীফের মা জাহানারা বেগম বলেন, ‘আমার সেজো ছেলের বিয়েতে গ্রামের মাতব্বরদের দাওয়াত করে না খাওয়ানোর কারণে তাঁরা আমার ছোট ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের একঘরে করেছেন। আমরা এখন গ্রামের কারও সঙ্গে মিশতে পারি না। গ্রামের কাউকে আমাদের ফসলের খেতে কাজ করতে দেওয়া হয় না। এমনকি মাতব্বররা আমার ছেলেকে মসজিদ থেকে পর্যন্ত বের করে দিয়েছে।’মওলানা নজরুল ইসলাম বলেন, ‘আল্লাহর আইন সবার ওপরে। বর্তমানে ফতোয়াবিরোধী যে আইন হয়েছে, তা জোর করে চাপিয়ে দেওয়া জিনিস। শুকদেবনগর গ্রামে ছেলে-মেয়ে অপকর্ম করায় সেখানে শরিয়ত মোতাবেক বিচারের রায় দেওয়া হয়েছে। এ ধরনের বিচারব্যবস্থা বন্ধ হলে সমাজে অপরাধ বেড়ে যাবে। শরিয়ত মোতাবেক এখন ছেলেকে ১০০ দোররা মারতে হবে।’সালিসের প্রধান মো. নজরুল ইসলাম খান বলেন, ‘ফতোয়া দেওয়া আইনবিরোধী কাজ হলেও সমাজের চাপে আমি তা মেনে নিতে বাধ্য হয়েছি।’থানার উপপরিদর্শক (এসআই) মো. বাদশা মিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমি শুনেছি, মওলানা নজরুল ইসলাম নামের এক ব্যক্তি এ ঘটনা নিয়ে ফতোয়া দিয়েছেন। কিন্তু এখনো এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাইনি।’ বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী আহম্মদ বলেন, ‘ওই কিশোরীর শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তবে সেখানে ফতোয়া দেওয়ার কোনো ঘটনা উল্লেখ নেই। এমনটি হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, ‘ওই কিশোরীর বাবা একটি লিখিত অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন। কিন্তু সেখানে ফতোয়া দেওয়ার কোনো ঘটনা উল্লেখ নেই বা বিষয়টি আমাকে জানানো হয়নি। দেশের সর্বোচ্চ আদালত থেকে ফতোয়া দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তাই এই বেআইনি কাজ কেউ করে থাকলে তাঁকে আইনের আওতায় আনা হবে। বিষয়টি আমি ওসিকে বলব।’