বোয়ালমারীতে ছয় খুনের কিনারা করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত চার মাসে ছয়টি খুনের ঘটনা ঘটেছে। কিন্তু থানা পুলিশ এখনো এসব হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও মামলায় অভিযুক্ত অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।থানা সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি পুতুন্তীপাড়ার বিটু শেখকে (৩০) দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় পর দিন নিহতের ভাই মো. শওকত শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হোসেন মোল্যা বলেন, স্ত্রীর পরকীয়ার কারণেই বিটু খুন হন বলে ধারণা করা হচ্ছে। এজাহারে উল্লেখ করা আসামি হাসানকে গ্রেপ্তার করা গেলে খুনের আসল কারণ জানা যাবে।২৪ ফেব্রুয়ারি মাধবপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজা নাসির মোল্লার (২৪) লাঠির আঘাতে খুন হন ফুফু সুফিয়া বেগম (৪২)। নিহতের ভাই মো. মুন্নু মোল্লা বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কে এম লিয়াকত আলী বলেন, ভাতিজাকে মোবাইল ফোন চোর শনাক্ত করায় সে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। মামলা দায়েরের পর থেকে তিন আসামি নাসির, তাঁর বাবা আজিজার মোল্লা ও মা রাবেয়া বেগম পলাতক রয়েছেন। ৫ মার্চ মুক্তারপুর গ্রামে খুন হন গৃহবধূ রোজিনা আক্তার (২২)। রাতের আঁধারে খুন করে দুর্বৃত্তরা তাঁর লাশ গুড়দিয়া মাঠের ছন খেতসংলগ্ন কলাবাগানে ফেলে রাখে। নিহতের ভাই মো. মজিবর শেখ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ ব্যাপারে থানায় মামলা করেন। নিহত গৃহবধূর স্বামী সন্দেহভাজন বাবু গাইন হাইকোর্টে আবেদন করলে সংশ্লিষ্ট বেঞ্চ ৬ এপ্রিল এক আদেশে মামলার অভিযোগপত্র (চার্জশিট) না দেওয়া পর্যন্ত আবেদনকারীকে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. তৈয়বুর রহমান বলেন, হাইকোর্টের আদেশের কারণে নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।১৪ মার্চ চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাসামদিয়া গ্রামের মো. সোলায়মান শেখকে (৪২) কুপিয়ে হত্যা করে লাশ নতিবদিয়ার মাঠে ফেলে খুনিরা তাঁর মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় নিহত ইউপি সদস্যের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কে এম লিয়াকত আলী বলেন, মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশে দুর্বৃত্তরা ওই ইউপি সদস্যকে খুন করে। একটি ছবির সূত্র ধরে হত্যার মূল পরিকল্পনাকারীকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।৭ এপ্রিল রায়পুর গ্রামের গৃহবধূ এক সন্তানের জননী রেনু আক্তারকে (২৪) তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা সালথা উপজেলার নটখোলা গ্রামের মো. বাদশা মুন্সী বাদী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। লাশের ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামি গৃহবধূর স্বামী আনিস মোল্লা (২৫) পলাতক রয়েছেন। ১ এপ্রিল ছোলনা কামাল মিয়ার ধানের চাতালের ড্রেন থেকে সাড়ে তিন বছরের শিশু বিথীর লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বাদশা মিয়া বলেন, মাথায় আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এ ঘটনায় শিশুর মা আসমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী আহম্মদ বলেন, সবগুলো হত্যার ঘটনা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল মো. রাফিউল আলম বলেন, আমি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণে বাইরে ছিলাম। উল্লিখিত হত্যা মামলাগুলোর অগ্রগতির ব্যাপারে আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।