বোয়ালমারীতে ড্রেজারে বালু উত্তোলন হুমকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার এলাকায় কুমার নদ থেকে মাসের পর মাস অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। বালু তোলায় চিতারবাজার সেতুটি হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ইতিপূর্বে বালু উত্তোলনকারীদের জরিমানা করেছেন। কিন্তু বালু তোলার সঙ্গে স্থানীয় প্রভাবশালীরা জড়িত। তাই তাঁরা কাউকে পরোয়া করছেন না।এলাকাবাসী সূত্রে জানা যায়, চিতারবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. শামীম মোল্লার নেতৃত্বে কয়েক মাস ধরে বোয়ালমারী সড়কের চিতারবাজার সেতুর নিচে ড্রেজার স্থাপন করে বালু তোলা হচ্ছে। ২২ আগস্ট সরেজমিনে দেখা যায়, চিতারবাজার সেতুর ৫০ গজের মধ্যেই ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। উত্তোলন করা বালু ঠিকাদারদের কাছে বিক্রি করাসহ চিতারবাজারের বিভিন্ন ব্যক্তিমালিকানার ও সরকারি জায়গা ভরাট করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও নদী থেকে বালু তুুলে বাজারের পাশের খাসজমি ভরাট করে গণশৌচাগার নির্মাণ করেছেন।ড্রেজারের মালিক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বিমলচন্দ্র বাড়ৈ জানান, তিনি দীর্ঘদিন ওই স্থান ও আশপাশের এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ করছেন। এ কাজে প্রতিদিন তিনি ও তাঁর চারজন শ্রমিক নিয়োজিত থাকেন। বালু উত্তোলন করা যায় প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার ঘনফুট। সাধারণত ঠিকাচুক্তিতে বিভিন্ন ব্যক্তি তাঁকে ওই কাজে নিয়োগ করেন।নদীর পূর্ব তীরের বাসিন্দা ব্যবসায়ী স্বপনকুমার সাহা বলেন, ‘বালু তোলার কারণে নদীতে ভাঙন দেখা দেবে। এতে আমাদের বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু নিষেধ করলে কার কথা কে শোনে।’ একই পাড়ের বাসিন্দা রাশিদা বেগম ও সাগরী বেগম জানান, দিনরাত ড্রেজারের শব্দে মাথা ধরে যায়। এ ছাড়া এভাবে বালু তুললে আমাদের বাড়িঘরও ভেঙে যাবে।বাজারসংলগ্ন ডোবরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানজিম আহমেদ জানায়, ‘আমাদের মাদ্রাসাসংলগ্ন ডোবরা আল-গফুরিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণের জন্য ইতিপূর্বে ওই ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলা হয়েছে।’ বিমল বাড়ৈ দুই থেকে তিন বছর ধরে এ এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার ব্যবসা করছেন। সাংবাদিকেরা ড্রেজারের ছবি তোলায় এখন তাঁরা মেশিনটি সেতুর নিচ থেকে সরিয়ে গ্রামের মধ্যে বসানোর উদ্যোগ নিয়েছেন। চিতারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামীম মোল্লা বলেন, ‘বাজারের উন্নয়নের প্রয়োজনে আমি নদী থেকে বালু তুলেছিলাম। এরপর রেজাউল ইসলাম নামের এক ব্যবসায়ীর জায়গা ভরাটের জন্য বালু উত্তোলনের সময় প্রশাসন তাঁর কাছ থেকে জরিমানা আদায় করে আবার তাঁকে বালু তোলার অনুমতি দেয়। যাঁদের প্রয়োজন তাঁরাই নদী থেকে বালু তুলছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’দাদপুর ইউপির চেয়ারম্যান মো. ইউনুস আলী মিয়া বলেন, ‘আমি এলজিইডির বরাদ্দ টাকায় বাজারে গণশৌচাগার করার সময় সেতু থেকে নিরাপদ দূরত্ব থেকে (৪০০ গজের বাইরে) সামান্য বালু তুলেছিলাম। কিন্তু ওই সেতুর নিচ থেকে বালু তোলায় সেতুটি হুমকির মুখে পড়ার বিষয়টি আমি এলজিইডিসহ বিভিন্ন দপ্তরকে জানিয়েছি।’ এলজিইডির বোয়ালমারী উপজেলার প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘চিতারবাজার সেতুর নিচ থেকে অবাধে বালু তোলায় যেকোনো সময় সেতুটি দেবে যাবে। আমি একাধিকবার ওই কার্যক্রম বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ওই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। এর পরও বালু উত্তোলন অব্যাহত থাকার খরব পেয়ে ২৪ আগস্ট ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন বা লোকজন পাওয়া যায়নি।উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘ডোবরা মাদ্রাসার পক্ষ থেকে ইতিপূর্বে আমার কাছে নদী থেকে বালু উত্তোলনের অনুমতি চেয়েছিল। কিন্তু আমি তাদের কোনো অনুমতি দিইনি। নদী থেকে বালু তোলার কোনো সুযোগ নেই। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’