বোয়ালমারীতে দুই পক্ষের দ্বন্দ্ব, ১০ গ্রামের আট হাজার মানুষ জিম্মি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের আটটি গ্রামে প্রভাব বিস্তার নিয়ে এক যুগের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরই জের ধরে এক যুগে খুন হয়েছে পাঁচজন। আর জিম্মি হয়ে রয়েছে ১০ গ্রামের প্রায় আট হাজার মানুষ।স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, শেখর ইউনিয়নের বাজিতপুর, শেখর, তেলজুড়ী, দুর্গাপুর, রায়বর, আমিরাবাদ, হাওড়ভাঙ্গা, নিধিপুর, দৈবকিনন্দনপুর ও সোলখাদিয়া (সাবেক এক নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত) গ্রামে প্রভাব বিস্তার নিয়ে এক যুগের বেশি সময় ধরে দুই পক্ষের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এলাকায় বিএনপির শাসনামলে এক পক্ষের আর আওয়ামী লীগের শাসনামলে আরেক পক্ষের আধিপত্য। এর জের ধরে ইতিমধ্যে একে একে খুন হয় রায়বর গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে ছিরু, বাজিতপুুরের ইমান ফকির, আলন শেখ, আক্কাস শেখ ও দুর্গাপুরের ঠান্ডু সিকদার। দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিম্মি হয়ে পড়েছে ১০ গ্রামের প্রায় আট হাজার মানুষ। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অন্যপক্ষের নেতা উপজেলা ছাত্রদলের সভাপতি দুর্গাপুর গ্রামের মো. রইসুল ইসলাম ওরফে পলাশ। সরেজমিনে জানা গেছে, বিএনপির আমলে পলাশের পক্ষ গ্রামে অত্যাচার চালিয়েছে। আর এখন কালাম চেয়ারম্যানের পক্ষ অত্যাচার চালাচ্ছে। বর্তমানে দুই দলে বিভক্ত ১০ গ্রামের বিভিন্ন ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় চার শতাধিক। তাঁরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তেলজুড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মাসুদুল হক মোল্লা বলেন, ‘গ্রামগুলোর অধিকাংশ পরিবার হামলা-মামলা ও ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না। এতে প্রায় আট হাজার মানুষ নানা ভোগান্তি ও হয়রানির কারণে অশান্তিতে বসবাস করছে।’ শেখর গ্রামের কলেজশিক্ষক সুব্রত মুখার্জী বলেন, ‘দুই পক্ষের দ্বন্দ্বে নিরীহ ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার আরও বেড়েছে।’ রায়বর গ্রামের কৃষক পান্নুু মোল্লা বলেন, ‘গ্রামগুলোর এমন কোনো পরিবার নেই, যারা দুই-একটি মামলার আসামি হয়নি। স্কুল-কলেজের ছাত্রদের পর্যন্ত মামলায় আসামি করা হয়। সংঘর্ষ, মামলা ও পুলিশের ভয়ে এলাকার লোকজন কোনো কাজই স্বাভাবিকভাবে করতে পারে না।’ দুর্গাপুর গ্রামের মো. এনায়েত হোসেন বলেন, ‘সংঘর্ষের পর বাড়ি ছেড়ে আত্মগোপন করলে প্রতিপক্ষ কালাম চেয়ারম্যানের সমর্থকেরা আমার একটি পাওয়ারটিলার, দুটি শ্যালো মেশিন, একটি ধান মাড়াই কল, বাড়ির অন্যান্য জিনিসপত্র ও মুদি দোকানের লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’ একই গ্রামের মো. আকা মিয়া বলেন, ‘আমার দুটি শ্যালো মেশিনসহ ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে। এ ছাড়া দুর্গাপুর দক্ষিণ মাঠে পোঁতা ফরহাদ শেখের দুটি, তোরাপ শেখের দুটি, আজিজার সিকদারের একটি ও হবি সিকদারের একটি শ্যালো মেশিনের পাইপ এমনভাবে নষ্ট করা হয়েছে, যা দিয়ে এখন আর সেচকাজ করা যাচ্ছে না।’ রইসুল ইসলাম ওরফে পলাশ বলেন, ‘আওয়ামী লীগের প্রভাবে পুলিশ আমার প্রতিপক্ষকে সহযোগিতা করছে। আমার লোকজনের বাড়িতেই ভাঙচুর ও লুটপাট হয়েছে। অথচ এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা পর্যন্ত নেয়নি।’এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। নিজেরা সংঘর্ষ বাধিয়ে তাঁরাই আমাদের লোক হত্যা করেছেন।’ বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী আহম্মদ বলেন, ‘কালাম চেয়ারম্যানের পক্ষ থানায় মামলা করেছে। আর পলাশের পক্ষ আদালতে মামলা করেছে। তবে উভয়পক্ষের মামলায় হত্যার ঘটনায় পলাশকে সরাসরি জড়িয়ে এবং হামলা, লুটপাটের ঘটনায় কালাম চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। কিন্তু এ দুজনের কেউই ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে আমরা তদন্ত করে জেনেছি। এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য গোপনে তদন্ত করে কয়েক গ্রামের প্রায় ৫০ জন লোকের একটি তালিকা তৈরির কাজ চলছে।’