বোয়ালমারীতে দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে জুতাপেটা ও শ্রেণীকক্ষে বেঁধে অমানবিক সাজা দেওয়ার অভিযোগে ওই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত ও অপর শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অপূর্ব কুমার রায়কে শ্রেণীকক্ষে পড়া না পারার কারণে জুতাপেটা করেন সহকারী শিক্ষক শেখ মো. কামরুল ইসলাম। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৪ জুলাই ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়। অপর ঘটনায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী উম্মে রাদিয়া মেধাকে শ্রেণীকক্ষে বেঁধে অপমানজনক ভাষায় শাসন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৯ জুলাই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়। ঘটনা দুটি যথাক্রমে গত মে ও এপ্রিল মাসে ঘটে। এ ব্যাপারে শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে।’ শেখ মো. কামরুল ইসলাম বলেন, ‘আমি শিক্ষার্থীর ভালোর জন্য তাঁকে শাসন করেছি। কিন্তু বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি (উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি) ও প্রধান শিক্ষকের নানা দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় আমি পরিস্থিতির শিকার।’ প্রধান শিক্ষক পারভীন আখতার বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সংক্রান্ত পরিপত্র বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করানো হয়েছে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের অমানবিক সাজা না দেওয়া সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত ১৮ মার্চ তারিখের পরিপত্রটির অনুলিপি সব বিদ্যালয় প্রধানদের কাছে যথা সময়ে পাঠানো হয়েছে। তারপরও চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণের বিষয়টি উদ্বেগজনক। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। কেননা পরিপত্র হাতে পাওয়ার পর তা যথাযথভাবে বাস্তবায়নের দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। এ ছাড়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকদের দলাদলির কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) শিবপদ দে প্রথম আলোকে জানান, চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অমানবিক সাজা দেওয়ার ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। তবে এ ঘটনা যথা সময়ে কর্তৃপক্ষকে অবহিত না করা ও বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রধান শিক্ষকের শৈথিল্যের বিষয়টি খতিয়ে দেখা হবে। আর এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা ও শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়ানো জরুরি।