বোয়ালমারীতে বই ব্যবসায় নেমেছে শিক্ষক সমিতি!
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার বিনা মূল্যে সব বই সরবরাহ করলেও ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি বাড়তি কয়েকটি বই নিতে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বোয়ালমারীতে সমিতির আওতাভুক্ত ২১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বলা হচ্ছে, সরকার যে বই দিয়েছে, তাতে ব্যাকরণের অংশটি পুরোপুরি নেই। সুতরাং সমিতির বই তাদের কিনতে হবে। তা ছাড়াও ওই বই থেকেই প্রশ্ন করা হবে। সমিতি সূত্রে জানা যায়, এবার স্কয়ার পাবলিকেশনসের বই তাদের বিদ্যালয়ে বিক্রির বিনিময়ে প্রকাশনা সংস্থাটি সমিতিকে সাত লাখ ২০ হাজার টাকা দেবে। এ ছাড়া বোয়ালমারী জর্জ একাডেমির সঙ্গে প্রকাশনা সংস্থাটির ৯০ হাজার টাকায় তাদের বাংলা ও ইংরেজি গ্রামার বই ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিক্রির ব্যাপারে পৃথক একটি সমঝোতা হয়।উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাদিরদী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দীন মোল্লা বলেন, ‘প্রকাশনা সংস্থা থেকে কিছু টাকা আমরা পাই, এটা অস্বীকার করব না। তবে স্কয়ার পাবলিকেশনসের বইয়ের মান ভালো।’জর্জ একাডেমির শিক্ষক কাউন্সিলের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা স্কয়ারের বই কেনার জন্য ছাত্রছাত্রীদের মৌখিকভাবে সম্মতি দিয়েছি। কোনো বুকলিস্ট দিইনি।’উপজেলা সদরের দক্ষিণ কামার গ্রামের অভিভাবক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষকেরা বিদ্যালয়ে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতে বেশি মনোযোগী। ষষ্ঠ শ্রেণীতে পড়া আমার সন্তানকে দুই জায়গায় প্রাইভেট পড়তে হচ্ছে এবং তাঁদের নির্দেশমতো নোট-গাইড বই কিনতে হচ্ছে।’ মাধবপুর গ্রামের মো. কবির হোসেন বলেন, ‘সরকার বলছে, বই কিনতে হবে না। আর শিক্ষকেরা বলছেন, কিনতে হবে। গোহাইলবাড়ী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়া আমার ছেলের জন্য সরকার বই ফ্রি দেওয়ার পরও আমাকে সাড়ে ৪০০ টাকার বই কিনতে হলো।’নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদরের একটি বইয়ের দোকানের মালিক বলেন, ‘আমার কাছে থাকা দ্বিতীয় শ্রেণীর কাজল ব্রাদার্সের অনুপম গাইড একের ভিতর সব বইয়ের গায়ে খুচরা মূল্য ৭০ টাকা লেখা থাকলেও বিক্রি করি ৪৫ টাকায়। চতুর্থ শ্রেণীর গ্যালাক্সি পাবলিকেশনসের শাপলা গাইড ১৬৫ টাকা, অনুপমের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গাইড ২৫০ এবং লেকচার প্রকাশনীর সপ্তম শ্রেণীর ইংরেজি গাইড ৯৬ টাকায় বিক্রি করি। বাজারের সব বইয়ের দোকানে নোট-গাইড বিক্রি হচ্ছে। ছাত্রছাত্রীদের চাহিদা থাকায় আমরা নোট বই বিক্রি করি।’ সুশাসনের জন্য নাগরিক—সুজনের বোয়ালমারী শাখার সদস্য সচিব গাজী শাহিদুজ্জামান বলেন, ‘মাদক যেমন মানুষের জীবনীশক্তি ধ্বংস করে, নোট-গাইড তেমনি শিক্ষার্থীর মেধার বিকাশকে ধ্বংস করে। এ ব্যাপারে শিক্ষক-অভিভাবক সবার সচেতন হওয়া দরকার। আর শিক্ষক সমিতির বই-বাণিজ্যের বিষয়টি হতাশাজনক। শিক্ষকসমাজের কাছে এমনটি মোটেই আমাদের কাম্য নয়।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সম্প্রতি শিক্ষকদের এক সভায় প্রকাশনা সংস্থা থেকে টাকার বিনিময়ে বই নির্বাচনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর বেশি কিছু আমার জানা নেই। নিষিদ্ধ নোট-গাইড বিক্রির ব্যাপারে ৬ ফেব্রুয়ারি স্থানীয় বই ব্যবসায়ীদের সতর্ক করার ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে সভা হবে।’ ইউএনও মো. মাহাবুবুর রহমান বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে নিষিদ্ধ নোট বই বিক্রির ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে অসাধু বই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির বই-বাণিজ্যের বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি শিক্ষা প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। শিক্ষকেরা এ ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তাঁদের প্রতি ছাত্রছাত্রীদের শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাবে।’