বোয়ালমারীতে রেলের অধিকাংশ সম্পত্তি হাতছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের প্রায় ২৪ কিলোমিটার পথ গেছে বোয়ালমারী উপজেলার ওপর দিয়ে। এখানে ঘোড়াখালী, সাতৈর, বোয়ালমারী ও সহস্রাইল স্টেশন অবস্থিত। এখানে রেলওয়ের মোট জমির পরিমাণ ২৮২ দশমিক ৮৯ একর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল বলেন, ‘রেলওয়ে প্রায় ২০ বছর ধরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে না। এ উপজেলায় রেলের ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে ১০ লাখ ২৫ হাজার ৯৬১ টাকা। চলতি মাসে রেলওয়ের এই বকেয়া পরিশোধের জন্য তাদের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বরাবর চিঠি পাঠানো হয়েছে। এ উপজেলায় রেলের অধিকাংশ ভূমি বর্তমানে বেহাত। ওই সম্পত্তি দেখভালের দায়িত্ব পালন করেন রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তারা। তাঁদের কোনো বেদখল হওয়া সম্পত্তি পুণরুদ্ধারে জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করলে সেখানে আমরা ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করে থাকি। কিন্তু বোয়ালমারীতে এ ধরনের কোনো আবেদনের কথা আমার জানা নেই।’ বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. তৈয়বুর রহমান বলেন, ‘সাম্প্রতিককালে রেলওয়ের কোনো মামলা এই থানায় রেকর্ড হয়নি। রেলওয়ের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় সুযোগসন্ধানীরা সরকারি ওই বিভাগের ভূমি দখল, গাছ কাটা ও রেলের সম্পদ লুটপাট করে। যখনই রেলওয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ভাগবাটোয়ারা না পায়, তখনই থানায় একটা দায়সারা দরখাস্ত দিয়ে যায়, পরে কোনো খোঁজ-খবর রাখে না। ফলে বাদীপক্ষের অনুপস্থিতিতে মামলাও রেকর্ড হয় না।’ বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন রেলের জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। কামারহাটি গ্রামের মানিক শেখ বলেন, ‘কামারহাটি ছোট ব্রিজ (রেল সেতু) থেকে শেলাহাটি ব্রিজ পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার অংশে রেলওয়ের প্রায় ১৯ একর সম্পত্তির মধ্যে বন্দোবস্তসহ নানাভাবে অধিকাংশই বেহাত হয়ে আছে। আমি নিজেও ওই এলাকায় রেলের দুই একর জমি কৃষিকাজের জন্য বন্দোবস্ত নিয়েছি। পরে টাকার বিনিময়ে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করে দিয়েছি। আমার মতো আরও কয়েকজন একই কাজ করেছেন। রেলের কর্মকর্তা-কর্মচারীরা এ এলাকায় প্রায় ১০ একর সম্পত্তি বন্দোবস্ত দিয়ে সরকারি রাজস্ব বাদেও ১০ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, ৪০ হাত লম্বা ও ১০ হাত চওড়া একেকটি জায়গার জন্য এক থেকে দেড় লাখ টাকা নিয়ে তা অন্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে স্টেশন-সংলগ্ন এলাকায় বিএনপির সমর্থক সাতৈর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মান্দার ফকিরের নামে ১ দশমিক ৯০ একর, ব্যবসায়ী কিংকর সাহার নামে এক একর, শাহজাহান ফকিরের নামে দুই একর, হোসেন শেখের নামে ৯০ শতাংশ ও আনোয়ার হোসেনের নামে ৬০ শতাংশ জমি কৃষি কাজে ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়া আছে। কিন্তু এরা প্রত্যেকেই সাতৈর বাজারসংলগ্ন ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহারে দোকান ও বাড়িঘর নির্মাণের জন্য টাকার বিনিময়ে অন্যদের কাছে হস্তান্তর করেছেন। সাতৈর রেলস্টেশন-সংলগ্ন রেলের জমিতে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছেন রেলওয়ের ওয়েম্যান (অব.) মাছিম সরদার (৭০)। তিনি বলেন, ‘আমাদের বসতভিটাসহ আশপাশের জমি বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির সমর্থক ইউপি সদস্য মান্দার ফকির বন্দোবস্ত নিয়ে আসেন। ফলে এখন ওই জমিতে বসবাস করতে হলে মান্দার ফকিরকে টাকা দিতে হবে। আমরা ১৬ শতাংশ জমিতে বসবাস করে এলেও বর্তমানে আমাদের জায়গার মধ্যে অন্য বসতি দেওয়া হয়েছে। মান্দার ফকিরের বন্দোবস্ত নেওয়া জমিতে বর্তমানে ১৯টি পরিবার বসবাস করছে। প্রত্যেকেই টাকার বিনিময়ে মান্দার ফকিরের কাছ থেকে ওই জমির দখল নিয়েছে।’ এ ব্যাপারে মান্দার ফকির বলেন, ‘কৃষিকাজের জন্য বন্দোবস্ত নেওয়া ওই জমিতে বাড়িঘর ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ অবৈধ। আমি জনপ্রতিনিধি হিসেবে অধিকাংশ পরিবারের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেই নাই। শুধু রেলের রাস্তাসংলগ্ন কিছু জমি বাণিজ্যিক কাজে দোকান নির্মাণের জন্য হস্তান্তর করে কিছু টাকা নিয়েছি। কেননা, ওই জমি বন্দোবস্ত আনতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়েছে।’ সাতৈর স্টেশন-ঘরে কক্ষ তৈরি করে বর্তমানে দুটি উদ্বাস্তু পরিবার সেখানে বসবাস করছে। ওই পরিবার দুটির নারী সদস্য বেদেনা বেগম ও জাহানারা বেগম জানান, স্টেশন-ঘরটি খোলা অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকায় কয়েক বছর ধরে তাঁরা পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন। ঘোড়াখালী স্টেশনের মাস্টার ভীমপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ মোল্লা (৭০) বলেন, ‘এলাকাবাসীর উদ্যোগে করা ওই স্টেশন-ঘরটি এই রেলপথে রেল চলাচল বন্ধ হলে এলাকাবাসী ভেঙে নিয়ে যায়। বর্তমানে স্টেশন-ঘরে ওই জায়গার পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। বাকি জায়গা খালি পড়ে আছে। তবে আমাদের এলাকায় কিছু স্লিপার ও রেলপাত বিভিন্ন সময় চোরেরা চুরি করে নিয়ে গেছে। পরিত্যক্ত কিছু রেলপাত বর্তমান ইউপি চেয়ারম্যান সরদার মজিবর রহমানের বাড়িতে রাখা আছে। আমি ১৯৬৮ থেকে ১৯৯৭ সালে রেল বন্ধ হওয়া পর্যন্ত ওই স্টেশনে স্বেচ্ছাসেবী মাস্টার হিসেবে দায়িত্ব পালন করি।’ কাটাগড় গ্রামের কলেজশিক্ষক রেল চালু সংগ্রাম পরিষদ সহস্রাইল স্টেশন শাখার সদস্য সচিব মো. মাহিদুল হক বলেন, ‘সহস্রাইল স্টেশন-ঘরের কিছু খুঁটি বাদে বর্তমানে কোনো অবকাঠামো অবশিষ্ট নেই। স্টেশন চত্বরে থাকা মূল্যবান দুটি বড় ধরনের মেহগনি ও রেইনট্রি গাছ সুযোগসন্ধানীরা ভুয়া কাগজপত্র দেখিয়ে একাধিকবার কাটার চেষ্টা করলেও এলাকাবাসীর বাধার মুখে তা পারেনি। আর রেল চালু না হওয়ার আশঙ্কায় এলাকার লোকজন আশপাশের রেলভূমি যে যার মতো পারছে ভোগদখল করছে।’ বোয়ালমারী স্টেশনে দায়িত্বরত রেলওয়ের চাবিওয়ালা (কি-ম্যান) মো. আমজাদ হোসেন বলেন, ‘বোয়ালমারী স্টেশনের টিনের চাল বেশ কয়েক বছর আগে ঝড়ে উড়ে গেছে। আর কোয়ার্টারগুলো পরিত্যক্ত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই স্থাপনা ভেঙে নিয়ে গেছে। গত এক যুগে রেলের জমি দখল, গাছ কাটা ও যন্ত্রাংশ চুরির ঘটনায় আমি থানায় প্রায় দুই শতাধিক লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু থানা আমাদের দরখাস্তের প্রতি কোনো গুরুত্ব না দেওয়ায় আমাদের কিছুই করার থাকে না। তিনি বলেন, এ অঞ্চলে দখল ও লুটপাটের প্রধান সহায়তাকারী রেলওয়ের সাবেক পুটার শওকত মীরের ছেলে জসিম মীর।’এ ব্যাপারে জসিম মীর বলেন, ‘আমি স্টেশন-সংলগ্ন রেলের জমি বন্দোবস্ত নিয়ে সেখানে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছি। আমজাদের অবৈধ কর্মকাণ্ড ও রেলসম্পদ রক্ষার নামে লোকজনের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’