বোয়ালমারীতে সড়কের পাশে লাগানো শিশুগাছে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালীনগর জিসি থেকে আলফাডাঙ্গা জিসি ভায়া সহস্রাইল বাজার সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লাগানো শিশুগাছে মড়ক দেখা দিয়েছে। বর্তমানে এ সড়কের আড়াই হাজার গাছের প্রায় অর্ধেক মারা যাওয়ায় সামান্য বাতাসে তা হেলে পড়ে বা ঝড়ে উপড়ে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে। অপরদিকে এসব ভেঙে বা উপড়ে পড়া গাছ সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে উদ্ধার করতে না পারায় সরকার রাজস্ব হারাচ্ছে। এলজিইডির স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে নয় কিলোমিটার দীর্ঘ ওই সড়কে এলজিইডির অর্থায়নে এসব গাছ লাগানো হয়।বন বিভাগের স্থানীয় ফরেস্টার মো. শহিদুল ইসলাম জানান, প্রায় আট থেকে ১০ মাস আগে গণনা করে ওই সড়কের দুই হাজার ৪৬১টি গাছের মধ্যে এক হাজার ১৯৭টি গাছ মরা পাওয়া গিয়েছিল। এতে প্রায় চার হাজার ৭০০ ঘনফুট কাঠ ও ছয় হাজার মণ জ্বালানি রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। আবহাওয়াজনিত কারণে শিশুগাছে অধিকাংশ ক্ষেত্রে মড়ক দেখা দেয়। মরা গাছগুলো দ্রুত কাটার উদ্যোগ না নিলে সরকার রাজস্ব হারাবে। ওই সড়ক দিয়ে প্রতিদিন কর্মস্থলে যাতায়াতকারী রূপাপাত বামন চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ বলেন, ‘ওই রাস্তা দিয়ে চলাচলের সময় সার্বক্ষণিক ভয়ে ভয়ে থাকি। কখন যে আস্ত গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে।’ রূপাপাত ইউপি চেয়ারম্যান মো. আজিজার রহমান বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে ওই সড়কের সুতালিয়া মোড়ে মরা গাছ ভেঙে পড়ে ডহরনগরের এক ভ্যানচালকের কোমর ভেঙে যায় এবং ভ্যানের সামনের অংশ ভেঙে যায়। এ সময় ভ্যানের এক নারী যাত্রীও আহত হন। এ সড়কে গাছ পড়ে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না।’এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘এলজিইডির লাগানো গাছ কাটার কোনো নিয়ম না থাকায় আমরা ওই গাছগুলো নিয়ে বিপাকে পড়েছি। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও অনুমোদন পাওয়া জটিল। তাই এতদিন এ ব্যাপারে উদ্যোগ নেওয়া যায়নি। আমরা এখন শুধু মরা ও ঝড়ে উপড়ে পড়া বা ভেঙে পড়া গাছগুলো কাটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘উপজেলা পরিষদের ২৯ জুলাইয়ের সভার সিদ্ধান্ত মোতাবেক ওই সড়কের গাছ নিলামে বিক্রির জন্য জেলা প্রশাসক ও বন বিভাগের প্রতিনিধি চেয়ে পরিষদের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল। এ ব্যাপারে জেলা প্রশাসক উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তাঁর প্রতিনিধি মনোনয়ন করে আমাদের দাপ্তরিক চিঠির মাধ্যমে জানিয়েছেন। কিন্তু বন বিভাগ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।’উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘ওই সড়কের মরা গাছ পড়ে প্রায়ই দুর্ঘটনার খবর শুনতে শুনতে আমি বিব্রত। কিন্তু প্রশাসনের কাজের ধীর গতির ফলে জনগণের জন্য কিছুই করতে পারছি না।’ সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল বলেন. ‘আমি প্রায় এক বছরের বেশি বোয়ালমারীতে যোগদান করার পর গাছ কাটা রোধ ও গাছ রক্ষার জন্য অর্ধশতাধিক অভিযান চালিয়েছি। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতাসীন দল, এলাকার প্রভাবশালী এমনকি জনপ্রতিনিধিরা গাছ কাটার সঙ্গে জড়িত। এলজিইডির উদাসীনতার কারণে বিভিন্ন সড়কে এলজিইডির লাগানো গাছ খোয়া যাচ্ছে। ওই সংস্থার যথাযথ উদ্যোগের অভাবে শুধু ওই একটি দপ্তরের গাছের ক্ষেত্রে এ উপজেলায় সরকার প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।’