বৌদ্ধ সাধক বনভান্তে স্কয়ার হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধ ধর্মীয় সাধক রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ বনভান্তেখ্যাত সাধনানন্দ মহাস্থবির বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে হেলিকপ্টারে করে রাঙামাটি থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়েছে।বৌদ্ধ ধর্মের অহিংস বাণীর প্রচারক বনভান্তের সুস্থতা কামনায় প্রার্থনা করতে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় এবং রাজবন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্ম, সম্প্রদায় ও দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।বনভান্তেকে অজ্ঞান অবস্থায় আজ দুপুর ১২টা ১০ মিনিটে স্কয়ার হাসপাতালের একটি হেলিকপ্টারে করে রাঙামাটি সার্কিট হাউস হেলিপ্যাড থেকে ঢাকায় নেওয়া হয়। এ সময় চাকমা রাজা দেবাশীষ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার, সেনাবাহিনীর রাঙামাটি আঞ্চলিক সদর দপ্তরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শামসুজ্জামান, জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানসহ বনভান্তের শিষ্যমণ্ডলী ও বনবিহার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বনভান্তের অসুস্থতার খবর জানাজানি হলে মধ্যরাত থেকে হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ রাজবন বিহার চত্বরে জড়ো হতে থাকেন। সকালে সেখানে তাঁর সুস্থতা কামনায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা সভার।রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান জানান, আট দশ দিন আগে থেকে ৯৩ বছর বয়স্ক বনভান্তে অসুস্থ বোধ করতে থাকেন। তবে বুধবার থেকে তা বেড়ে যায়। এরপর বৃহস্পতিবার অজ্ঞান হয়ে পড়লে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। খাগড়াছড়ি জেলার সাবেক সিভিল সার্জন উদয় শংকর দেওয়ান জানান, বনভান্তে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তাঁর শ্বাসকষ্ট, হাঁপানি, উচ্চ রক্তচাপ আছে। বুকে কফ জমে যাওয়ায় শ্বাস নিতে না পারায় তিনি অজ্ঞান হয়ে পড়েছেন।