বৌদ্ধ-হিন্দুপল্লিতে হামলায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বৌদ্ধ-হিন্দুপল্লিতে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর আগে এ ঘটনায় করা দুটি মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। নতুন গ্রেপ্তার হওয়া দুজন হলেন যুবলীগের কর্মী মমতাজ আহমদ (৩৫) ও আবদুল হাকিম (৪০)।পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মমতাজ আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি লম্বাবিল এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবলীগের কর্মী। অন্যদিকে, আজ শুক্রবার ভোরে হোয়াইক্যং দৈগাকাটা পাহাড়ি এলাকায় অভিযান চারিয়ে আবদুুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া মমতাজ আহমদ ও আবদুল হাকিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় হোয়াইক্যং বৌদ্ধ-হিন্দুপল্লিতে হামলা ও বসতবাড়িতে আগুন দেয়। এ ব্যাপারে টেকনাফ থানায় দুটি মামলা করা হয়। এসব মামলায় তারা এজাহারভুক্ত আসামি। এসআই আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রার্থনা করা হবে।