বৌদ্ধদের ওপর হামলার প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ
কক্সবাজারের রামু-উখিয়া-টেকনাফসহ বিভিন্ন এলাকায় বৌদ্ধসম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নর্থ আমেরিকান বুড্ডিস্ট কমিউনিটি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়। এতে বাংলাদেশ, জাপান, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, লাওস, ভিয়েতনাম, মিয়ানমার ও চীনের বৌদ্ধসম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে মানবাধিকার নেতা রতন বড়ুয়া বলেন, ‘আমরা বৌদ্ধধর্মাবলম্বীরা নিরীহ মানুষ। আমাদের বেশি কিছু চাওয়া-পাওয়া নেই। যখন যে সরকার এসেছে, তার প্রতি আনুগত্য প্রকাশ করে দেশের উন্নয়নে কাজ করে গেছি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমরা বৌদ্ধধর্মাবলম্বী যারা প্রবাসে আছি, বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছি। তার পরও কেন বৌদ্ধসম্প্রদায়ের ওপর এভাবে নৃশংস অত্যাচার চালানো হলো, তা আমাদের বোধগম্য নয়।’ দুষ্কৃতকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্য বক্তারা বলেন, বাংলাদেশের বৌদ্ধসম্প্রদায়ের ওপর এই নারকীয় আক্রমণ ও ধ্বংসযজ্ঞের ঘটনায় রাজনীতির প্রলেপ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। এ ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শীতাংশু গুহ, নন্দ বালা, ভেনারেবল নায়েকা, ভেনারেবল সত্যানন্দ, ভেনারেবল কনডাসা, ভেনারেবল ধর্মালোচন, ভেনারেবল ডিকে নাগাকাফি, ভেনারেবল নাগিতা, নয়ন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, রানা বড়ুয়া, চিত্ত বড়ুয়া, অধ্যাপক নরেন্দু দত্ত, টমাস দুলু রায়, সুভাষ মজুমদার প্রমুখ। সমাবেশ শেষে রতন বড়ুয়ার নেতৃত্বে জাতিসংঘের মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।