বৌদ্ধপল্লিতে হামলার জন্য আওয়ামী লীগ দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় সরাসরি আওয়ামী লীগ ও সরকারকে দায়ী করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এতগুলো বৌদ্ধবিহারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। তখন প্রশাসন কেন নীরব ছিল? পুলিশ কেন আসেনি? র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবি কেন আসেনি? তারা তো ২০০ থেকে ৪০০ গজের মধ্যেই ছিল। আসলে তাদের আসতে দেওয়া হয়নি। পূর্বপরিকল্পিতভাবে এসব হামলা হয়েছে।’ গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার খিজারি আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। এর আগে তিনি রামুর তিন শতাধিক বছরের প্রাচীন কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। সেখানে তিনি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন।দলীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার লোকজন সমাবেশস্থলে আসতে শুরু করে। দুপুর নাগাদ লোকে লোকারণ্য হয়ে যায় বিদ্যালয়ের মাঠ। দুপুরের দিকে খিজারি বিদ্যালয়ের হলরুমের ছাদ ধসে অন্তত ৪০ জন শিশু ও কিশোর আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সম্প্রীতি সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় যে দুঃখজনক ঘটনা ঘটেছে, তা দেখার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। এ ঘটনা তদন্তের জন্য আমি আমার দল থেকে নয় সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি।’রামুর ঘটনা সামাল দিতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, যে সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের কাছে সাধারণ মানুষও নিরাপদ নয়। এরা কেবল লুটপাট করতে জানে। ঘটনার দিনও এরা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মূল্যবান সম্পদ লুট করেছিল। সরকারের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করার দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু সরকার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেনি। সরকার এখানে এসে মায়াকান্না দেখিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আপনাদের মন্দির নির্মাণ করে দেয়নি। আমরাও যাতে এখানে আসতে না পারি, সে জন্য শনিবার রাতে ফেনী থেকে বের হওয়ার পর ককটেল ফাটানো হয়েছে। ফেনীতে আওয়ামী লীগের একজন সন্ত্রাসী গডফাদার দিয়ে আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে।’ খালেদা জিয়া বলেন, ‘কথায় কথায় ওরা জামায়াতে ইসলামীর কথা বলেন। ‘৯৫-’৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন হয়েছিল, তখন সঙ্গে কে ছিল? নিজামী সাহেবকে সঙ্গে নিয়ে তারা আন্দোলনের কর্মসূচি ঠিক করেছিল। এখন তলে তলে জামায়াতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে কি না কে জানে?’ সমাবেশে রামুর রামকূট বৌদ্ধবিহারের ভিক্ষু প্রজ্ঞাবংশ মহাথেরো বলেন, রামু ও উখিয়ায় যে নৃশংস ঘটনা ঘটেছে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী সহানুভূতি দেখাতে রামুতে ছুটে এসেছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থসহায়তা দিয়েছেন। কিন্তু সংখ্যালঘুদের মনের আতঙ্ক দূর হয়নি।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মঈন খান, মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকমল বড়ুয়া, স্থানীয় সাংসদ লুৎফর রহমান, চকরিয়া থেকে নির্বাচিত সাংসদ হাসিনা আহমদ প্রমুখ। সভাপতিত্ব করেন রামু উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী। আজ রোববার সকালে কক্সবাজার থেকে উখিয়ায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার ও মন্দির পরিদর্শনে যাবেন খালেদা জিয়া। সেখানে উখিয়া স্কুলমাঠে তিনি দলীয় সমাবেশে বক্তব্য দেবেন।