বৌদ্ধবিহারে অগ্নিসংযোগে জড়িতরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, ‘রামু-উখিয়ায় মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত দু-একজন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে সফরসঙ্গীও হয়েছেন। এ ঘটনায় সত্যিকারে যারা জড়িত, তাদের ধরা হয়নি। আমরা চাই সত্যিকার অপরাধীদের ধরে বিচারের ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়।’ আজ রোববার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে পটিয়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু ও বৌদ্ধমন্দিরের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন।খালেদা জিয়া প্রশ্ন করেন, ঘটনার পর সরকার কেন তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়নি? ওই দিন প্রশাসন নীরব ছিল কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ৩০ তারিখ আবার কীভাবে ঘটনা ঘটল? এসব ব্যাপারে সঠিক তথ্য বেরিয়ে এলে সরকারের লোকজনের নাম আসবে। খালেদা জিয়া আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশ বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এ ধরনের নির্বাচন সরকার হতে দিতে চায় না। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পটিয়া রত্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু ও লাখেরা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো। এ সময় চট্টগ্রাম ও ঢাকার বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।