বৌদ্ধবিহারে হামলার ঘটনায় সরকার জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কক্সবাজারের রামু ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার ও বৌদ্ধসম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরকার জড়িত। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। আর সরকার এখন তাঁদের গ্রেপ্তার না করে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে। আজ শনিবার হবিগঞ্জের নিউফিল্ডে দলীয় এক জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে বলেন, দুদকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুদকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে; তাদের বিচার করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা সম্পর্কে খালেদা জিয়া বলেন, ‘পুলিশের সামনেই অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কেউ গ্রেপ্তার হয়নি।’ তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভরে গেছে অস্ত্রের ঝনঝনানিতে। এই অস্ত্র কোথা থেকে আসছে তা দেশবাসীর প্রশ্ন। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, সন্ত্রাসী কাজ পরিচালনার জন্য অস্ত্র মজুদ করা হচ্ছে। জনসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি এম এম ফয়সাল। সেখানে বক্তব্য দেন বিএনপির নেতা মির্জা আব্বাস, শমশের মবিন চৌধুরী প্রমুখ। বিএনপির চেয়ারপারসনের আগমন সামনে রেখে অনেক দিন পর উজ্জীবিত হয়ে ওঠেন হবিগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীরা। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় শতাধিক তোরণ। জেলার সর্বত্র পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে।দীর্ঘদিন পর খালেদা জিয়ার হবিগঞ্জের জনসভাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সব বিরোধ ভুলে সরব হয়ে উঠেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ সফল করতে একযোগে কাজ করেছেন তাঁরা।দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান গত কয়েক দিন হবিগঞ্জে অবস্থান করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছ প্রথম আলো ডটকমকে বলেন, মূলত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবিতে এ সমাবেশের আয়োজন। খালেদা জিয়া সর্বশেষ ২০০৮ সালে হবিগঞ্জ পৌরসভা মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। এর আগে ২০০৪ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ২০০১ সালে হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেন। খালেদা জিয়া ১৯৮৭ সালে প্রথমবার হবিগঞ্জ আসেন।