বৌদ্ধমন্দিরে হামলা সংবিধানের ওপর আঘাত
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম বলেছেন, ‘কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার ও বৌদ্ধপল্লিতে যে হামলা হয়েছে, এর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই হামলা বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত, দেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর আঘাত। এই ঘটনায় আমরা লজ্জা বোধ করছি। হামলাকারীরা যে-ই হোক, তাদের আইন কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’ আজ শুক্রবার সকালে রামুতে ধ্বংস হওয়া বিভিন্ন বৌদ্ধমন্দির ও বসতবাড়ি পরিদর্শনকালে আমীর-উল ইসলাম এসব কথা বলেন। আমীর-উল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল রামুর ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার পৌঁছায়। আজ সকালে তাঁরা রামু ও উখিয়ার বৌদ্ধমন্দির পরিদর্শনে যান। এই প্রতিনিধি দলে আছেন তানিয়া আমীর, সুব্রত চৌধুরী, সৈয়দ রেজাউর রহমান, মনসুরুল হক চৌধুরী, মো. আবদুল্লাহ আবু, কে এম সাইফুদ্দিন আহমদ প্রমুখ।আমীর-উল ইসলাম বলেন, যারা বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা ঘটিয়েছে, তারা মানুষ নয়। বহির্বিশ্বে দেশের মানসম্মান ভূলুণ্ঠিত করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। রামুর ঘটনার আগে ও পরে গোয়েন্দা সংস্থার তত্পরতা ছিল হতাশাজনক। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা সংস্থার তত্পর থাকার কথা। গতকাল বিকেলে সমন্বয় পরিষদ নেতারা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে স্থানীয় আইনজীবীদের সঙ্গে রামুর ঘটনা নিয়ে মতবিনিময় করেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাবুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আমীর-উল ইসলাম রামুর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আইনজীবীদের ভূমিকা রাখতে ও ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।আমীর-উল ইসলাম বলেন, রামুর সহিংসতার সময় পুলিশ, গোয়েন্দা বাহিনী ও প্রশাসনের ভূমিকা কি ছিল, তা খতিয়ে দেখা দরকার। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবালুর রশীদ জানান, কাল শনিবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমীর-উল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।