বৌদ্ধমন্দিরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধমন্দিরে বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত করে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্ট ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় আইনমন্ত্রী বলেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চাইনি বলেই ’৭১ সালে মুক্তিযুদ্ধ করে একটি ধর্মনিরপেক্ষ দেশ গড়েছি। আজকে যারা ধর্মের নামে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে দেশবাসী সবাইকে সজাগ থাকতে হবে।’ শফিক আহমেদ বলেন, ‘১৯৪৬ সালে যখন দাঙ্গা শুরু হয়েছিল, তখন শান্তির বার্তা নিয়ে এ দেশে এসেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর যে অহিংসনীতি সেটি এই সময়ও প্রযোজ্য।’ সভায় ‘মহাত্মা গান্ধীর আদর্শ এবং সমকালীন বিশ্বে তার প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এতে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকার, নোয়াখালী-১ আসনের সাংসদ মাহবুব উদ্দীন, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। গত শনিবার ছিল বাংলাদেশের জন্য কৃষ্ণপক্ষ। ওই দিন সংঘটিত সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।