বৌদ্ধমন্দিরে হামলায় দেশের ও বাইরের উসকানি ছিল
কক্সবাজারে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় ‘দেশ ও দেশের বাইরের সাম্প্রদায়িক উসকানি’ ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করাই ওই হামলার উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।সচিবালয়ে আজ মঙ্গলবার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার জন্য দায়ী ব্যক্তিদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনার পেছনে যারা ভূমিকা রেখেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।ঘটনা তদন্তে গঠিত কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে জানিয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, প্রতিবেদনে মোট ১১টি সুপারিশ এসেছে। সে অনুযায়ী কাজ চলছে। সুপারিশের উল্লেখযোগ্য দিকগুলো জানতে চাইলে তিনি বলেন, সুপারিশ অনুযায়ী কাজ চলছে, জড়িত ব্যক্তিদের নাম ধীরে ধীরে জানানো হবে।রামুর বৌদ্ধপল্লিতে হামলা ঠেকানোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি ছিল বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর কোনো কারণ নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে ‘প্রান্তিক ব্যত্যয় বা প্রশাসনিক ব্যত্যয়’ ঘটেছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নিল ওয়াকারের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, রামুর ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং বৌদ্ধ উপাসনালয় পুনর্নির্মাণের বিষয়ে জাতিসংঘের প্রতিনিধিকে জানানো হয়েছে। তিনি সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা এবং সংস্থাটির সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।